২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে চেয়ারম্যান ও নীলফামারীতে ইউপি সদস্য গ্রেপ্তার

ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে শনিবার ফরিদপুরে একজন ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। নীলফামারীতে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন একজন ইউপি সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 12:34 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে শনিবার ফরিদপুরে একজন ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। নীলফামারীতে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন একজন ইউপি সদস্য। আমাদের ফরিদপুর প্রতিনিধি জানান, মধুখালী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দীন আহমেদকে ইউপি কার্যালয় থেকে সকাল ১১ টার দিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ইউনিয়ন পরিষদের গুদাম থেকে ১৩ বস্তার চাল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুরের এনডিসি এসএম তরিকুল ইসলাম এবং র‌্যাবের ক্যাপ্টেন মাইনুল। এনডিসি এস এম তরিকুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার ও গুদাম থেকে ১৩ বস্তা (৬৫০ কেজি) ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। র‌্যাব -৮ এর অধিনায়ক মেজর শাহরিয়ার ইকবাল জানান, গ্রেপ্তারকৃত চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে মধুখালী থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। নীলফামারী প্রতিনিধি জানান, ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে শুক্রবার রাতে ইউপি সদস্য হাসমত আলীকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আদালতে মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ডিমলা উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, ইউনিয়নের পুর্ব ছাতুনামা গ্রামের আবুল কাশেমের ছেলে ৯নম্বর ওয়ার্ড সদস্য হাসমত আলী ওই গ্রামে কাজের বিনিময়ে টাকা প্রকল্পের প্রকল্প চেয়ারম্যান। প্রকল্পটি বাস্তবায়নে বরাদ্দ দেওয়া হয়েছে এক লাখ পাঁচ হাজার টাকা। প্রতিদিন ৬৭জন শ্রমিককে কাজ দেওয়ার নিয়ম থাকলেও ১০ এপ্রিল ৩২জন ও ১১ এপ্রিল ৪৩জন শ্রমিক দিয়ে কাজ করানো হয়। অথচ দুই দিনে হিসেব দেওয়া হয়েছে (মাষ্টাররোল) ১৩৪ জনের। এভাবে ভুয়া মাষ্টাররোল দেখিয়ে আট হাজার ৮৫০ টাকা আত্মসাত করা হয়। ডিমলা থানার উপ-পরিদর্শক কার্তিক মোহন্ত জানান, প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ৯নম্বর ওয়ার্ড সদস্য হাসমত আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। বিচার বিভাগীয় হাকিম মুহাম্মদ রবিউল আউয়াল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৫ ঘ.