ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা দীর্ঘায়িত করতে সরকারেরই একটি অংশ মৌলবাদীদের মদদ দিচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
কামরুল ইসলাম বলেন, "অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে জরুরি অবস্থাকে প্রলম্বিত করার জন্যই বর্তমান সরকারের একটি অংশ মৌলবাদীদের মদদ দিচ্ছে।"
নারী উন্নয়ন নীতিমালার বিরোধিতাকারী একটি ইসলামী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে গত বৃহস্পতি ও শুক্রবার বায়তুল মোকাররম এলাকায় পুলিশের সংঘর্ষ হয়। শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী থানায়ও হামলা চালায় নীতিমালা বিরোধিতাকারীরা।
জামায়াতে ইসলামী এসব তাণ্ডবে মদদ দিচ্ছে বলেও অভিযোগ করেন কামরুল ইসলাম।
আনুষ্ঠানিক সংলাপের আগে শেখ হাসিনার মুক্তি দাবি করে তিনি বলেন, "শেখ হাসিনাকে মুক্তি না দিলে আর দুর্বল কর্মসূচি নয়। আওয়ামী লীগের কার্যকরী কমিটির কাছে জোরালো কর্মসূচি দাবি করা হবে।"
হাসিনার মুক্তির দাবিতে সংগৃহিত গনসাক্ষরের অনুলিপি এ মাসের ২০ তারিখ নাগাদ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
গত ৫ এপ্রিল থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগ গণ স্বাক্ষর অভিযান শুরু করে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সহ সভাপতি গাজী লুৎফুল কবীর, দপ্তর সম্পাদক এ কে এম আব্দুল কুদ্দুস প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এএল/এমএ/১৮০০ঘ.
bdnews24