২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারী থানায় হামলা: ছয় হাজার মাদ্রাসা ছাত্র ও মুসল্লির বিরুদ্ধে মামলা

হাটহাজারী থানায় হামলা ভাংচুরের ঘটনায় প্রায় ছয় হাজার অজ্ঞাতনামা মাদ্রাসা ছাত্র ও মুসল্লিকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার গভীর রাতে হাটহাজারী থানার উপ-পরিদর্শক ওয়ালি উল্লাহ মামলাটি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 09:04 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

চট্টগ্রাম, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাটহাজারী থানায় হামলা ভাংচুরের ঘটনায় প্রায় ছয় হাজার অজ্ঞাতনামা মাদ্রাসা ছাত্র ও মুসল্লিকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার গভীর রাতে হাটহাজারী থানার উপ-পরিদর্শক ওয়ালি উল্লাহ মামলাটি করেন। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দাঙ্গা সৃষ্টি এবং অবৈধভাবে থানায় প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর, অগ্নিসংযোগ, দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মারধর এবং গাড়ি পোড়ানোর অভিযোগে আনুমানিক ছয়-সাত হাজার মাদ্রাসা ছাত্র ও মুসল্লিকে আসামি করে এ মামলা করা হয়েছে। তিনি আরও জানান, দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩৩২, ৩৩৩, ৪২৫, ৪২৭ ও ৫০৬ ধারায় মামলাটি করা হয়। তবে শনিবার দুপুর পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। শুক্রবার রাতে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে ভাংচুরের ঘটনার জন্য শিক্ষকরা দু:খ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কামরুল আহসান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাদ্রাসা শিক্ষকরা তাদের ছাত্রদের এ ঘটনায় ঢালাওভাবে অভিযুক্ত না করে প্রকৃত দোষীদের খুঁেজ বের করার দাবি জানিয়েছেন।" পুলিশ সুপার জানান, এ ঘটনার পৃথক কোন তদন্ত কমিটি গঠন করা না হলেও মামলার স্বাভাবিক নিয়মেই এর তদন্ত চলবে। শুক্রবার সন্ধ্যায় হাটহাজারী বড় মাদ্রাসা নামে পরিচিত দারুল উলুম মইনুল মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী হঠাৎ করে থানায় হামলা চালিয়ে ঘণ্টাব্যাপী ভাংচুর চালায়। তারা থানা প্রাঙ্গনে রাখা পুলিশের পাঁচটি গাড়ি পুড়িয়ে দেয়। এই সময় পুলিশ সদস্যসহ প্রায় ৪০ জন আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৪৫৬ ঘ.