২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বস্তিতে আগুন, পাঁচশ ঘর পুড়ে ছাই

নারায়ণগঞ্জ শহরের জিমখানা রেলওয়ে বস্তির প্রায় পাঁচশ ঘর শুক্রবার আগুনে পুড়ে গেছে। আহত হয়েছেন পাঁচজন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2008, 05:22 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

নারায়ণগঞ্জ, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের জিমখানা রেলওয়ে বস্তির প্রায় পাঁচশ ঘর শুক্রবার আগুনে পুড়ে গেছে। আহত হয়েছেন পাঁচজন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। (আরও তথ্যসহ) প্রত্যক্ষদর্শীরা জানান, রেলওয়ের জমিতে গড়ে ওঠা ওই বস্তিতে বেলা আড়াইটার দিকে আগুন লাগে। প্রবল বাতাসে বস্তির কাঁচা ঘরগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা। আতঙ্কিত বস্তিবাসীরা ছোটাছুটি শুরু করে। এসময় লুটপাটেরও অভিযোগ পাওয়া গেছে। দমকল বাহিনীর নারায়ণগঞ্জ জেলার উপ-সহকারী পরিচালক গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, "আগুনের খবর পেয়েই দমকল বাহিনীর নয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। শতাধিক দমকল কর্মী দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।" তিনি বলেন, "বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ব্যাপারে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।" ঘটনাস্থল পরিদর্শনের পর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এ এম এ রহমান সাংবাদিকদের বলেন, আগুনে আনুমানিক পাঁচশ ঘর পুড়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আগুনে সর্বস্ব হারানো জহুরা (৪৫) জানান, তার ঘরে আট হাজার টাকা ছিল। আগুন লাগার পর মালামাল সরানোর সময় কয়েকজন যুবক টাকাগুলো লুট করে নিয়ে যায়। বস্তির বাসিন্দা আহেমদ আলী (৫০) জানান, যখন আগুন লাগে তখন তিনি দুপুরের খাবার খাচ্ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘর থেকে কিছু সরানোর সুযোগও পাননি তিনি। পিঠা বিক্রেতা বাবুল জানান, পরনের কাপড় ছাড়া কিছুই বের করতে পারেননি ঘর থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩১৭ ঘ.