২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর অধিকার স্বীকার করতেই হবে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি মো. রুহুল আমিন বলেছেন, অধিকার আদায়ে নারীদের আন্দোলন যৌক্তিক। এটাকে স্বীকার করতেই হবে। শুক্রবার 'জাস্টিস সিস্টেম এডুকেশন ইনিশিয়েটিভ অন জেন্ডার ইকুয়ালিটি ইস্যুজ' শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2008, 03:59 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধান বিচারপতি মো. রুহুল আমিন বলেছেন, অধিকার আদায়ে নারীদের আন্দোলন যৌক্তিক। এটাকে স্বীকার করতেই হবে। শুক্রবার 'জাস্টিস সিস্টেম এডুকেশন ইনিশিয়েটিভ অন জেন্ডার ইকুয়ালিটি ইস্যুজ' শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খান ফাউন্ডেশন রাজধানীর মোমেনবাগে ফাউন্ডেশন মিলনায়তনে বিচারকদের নিয়ে দুই দিনের এই কর্মশালার আয়োজন করেছে। দেশের বিভিন্ন এলাকার জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ৪০ জন বিচারক এতে অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, "অধিকার আদায়ে নারীদের আন্দোলন যৌক্তিক। এটাকে স্বীকার করতেই হবে। দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক যেখানে নারী, সেখানে তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ গ্রহণযোগ্য হতে পারে না। যার যেটা প্রাপ্য তাকে সেটা না দিলে আইন-শৃঙ্খলা রক্ষা করা যায় না।" কর্মশালায় অংশগ্রহণকারী বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, "নারী নির্যাতনের ক্ষেত্রে সমর্থক সাক্ষীও থাকতে হবে- এই ধারণা থেকে বিচারকরা বেরিয়ে এসেছেন। ভিকটিমের সাক্ষ্য ছাড়া অন্য সাক্ষীর প্রয়োজন রয়েছে এমন কথা আইনের কোথাও বলা হয়নি। সাক্ষী রেখে কেউ অপরাধ করে না।" তিনি বলেন, "আইন করে অনেক কিছুই করা যায় না। তবে আইনের শাসন কঠোর হতে হবে। বিচারকদের কাজ ন্যায় প্রতিষ্ঠা করা। এ জন্য বিচারকদেরই সবার আগে এগিয়ে আসতে হবে।" সাবেক মন্ত্রী আবদুল মঈন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ন্যায়পাল সমরেশ ব্যানার্জি। খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট রোখসানা খন্দকার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ইএইচবি/জেকে/এমএ/২১৫৫ঘ.