খুলনা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কাজে গতিশীলতা আনতে শিগগিরই নগর ভবনে কাজ শুরু করতে যাচ্ছে বিশেষ টাস্কফোর্স। এছাড়া টাস্কফোর্স নগর ভবনের বিভিন্ন অনিয়মও খতিয়ে দেখতে পারে বলে সিটি করপোরেশন সূত্রে জানা গেছে।
যৌথ বাহিনী, গোয়েন্দা সংস্থা, র্যাব ও পুলিশের সমন্বয়ে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে।
শুক্রবার র্যাব-৬ এর পরিচালক ও টাস্কফোর্সের সদস্য লে. কর্নেল মেফতাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, "সিটি করপোরেশনের কার্যক্রমে গতিশীল আনতে এবং সেবার মান উন্নয়নে আমরা করপোরেশনের কর্মকর্তাদের সহযোগিতা করব।"
নাম প্রকাশে অনিচ্ছুক কেসিসির এক কর্মকর্তা জানান, সার্বিক বিষয় নিয়ে ভারপ্রাপ্ত মেয়র মো. মনিরুজ্জামান মনির বৃহস্পতিবার দুপুরে তার কক্ষে কেসিসির সব বিভাগের প্রধান কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে তিনি সকলকে টাস্কফোর্সের সদস্যদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।
টাস্কফোর্স সদস্যরা কেসিরি বিভিন্ন অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখতে পারেন বলেও তিনি জানান।
ওই কর্মকর্তা আরও জানান, টাস্কফোর্স সদস্যদের বসার জন্য কয়েকটি কক্ষ ছেড়ে দেওয়া হচ্ছে।
কবে থেকে টাস্কফোর্স কাজ শুরু করবে জানতে চাইলে কর্নেল মেফতাউল করিম বলেন, "কেসিসির মেয়র সময় নির্ধারণ করলেই আমরা দুয়েকদিনের মধ্যে কাজ শুরু করে দিতে পারব।"
এ ব্যাপারে কেসিসির ভারপ্রাপ্ত মেয়র মো. মনিরুজ্জামান মনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
দুর্নীতির অভিযোগে কেসিসির মেয়র শেখ তৈয়েবুর রহমান এবং সামরিক বরখাস্ত প্রধান প্রকৌশলী লিয়াকত আলী শরীফ এখন কারাগারে আটক রয়েছেন। এছাড়া অনেক কর্মকর্তা কর্মচারি বিভিন্ন মামলার আসামি হয়ে পলাতক আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৩ ঘ.
bdnews24