ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাত্তরের শহীদদের স্বপ্ন অনুযায়ী একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে 'রাজাকারের উত্তরসূরিরা' বাধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি আইনজ্ঞ কামাল হোসেন।
শুক্রবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে 'স্বাধীনতা সংগ্রামে রাঙ্গুনিয়া' শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. কামাল বলেন, "দেশ এখন একাত্তরের শহীদদের স্বপ্ন থেকে অনেক দূরে সরে গেছে। ইয়াহিয়া খানের প্রেতাত্মা ও রাজাকারদের উত্তরসূরিরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বাঁধা দিচ্ছে। তারা দুর্নীতি আর অরাজকতার মাধ্যমে দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়।"
অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ফজলে করিম খান। অন্যান্যের মধ্যে বইটির লেখক ছালেহ আহমেদ, প্রকাশক মফিদুল হক ও গণফোরাম নেতা মোস্তাফা মহসিন মন্টু বক্তব্য রাখেন।
কামাল হোসেন বলেন, "ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে লেখা বাংলাদেশের সংবিধানে একটি বৈষম্যহীন বাংলাদেশের কথা বলা আছে। স্বাধীনতার পর ৩৭ বছরেও আমরা তা প্রতিষ্ঠা করতে পারিনি।"
তিনি বলেন, "নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। তাদের নতুন করে স্বপ্ন দেখাতে হবে। তারাই গড় তুলবে আগামী বাংলাদেশের নতুন ইতিহাস।"
'স্বাধীনতা সংগ্রামে রাঙ্গুনিয়া'র প্রকাশক মফিদুল হক বলেন, "বইটিতে মুক্তিযুদ্ধে একটি অঞ্চলের প্রান্তজনের গৌরবগাঁথা রচিত হয়েছে। এ রকম অসংখ্য আঞ্চলিক ইতিহাস নিয়ে আমরা মুক্তিযুদ্ধের মহা ইতিহাস রচনা করতে পারি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/২১১৫ ঘ.
bdnews24