ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কসবা উপজেলার মনকসাই এলাকায় কুমিল্লা-সিলেট সড়কে শুক্রবার গভীর রাতে যানবাহনে ডাকাতি হয়েছে। ডাকাতরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে প্রায় এক ঘন্টা ধরে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন সেট লুট করে।
তবে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন, টহল পুলিশ ডাকাতির চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
প্রত্যক্ষদর্শী খাড়েড়া গ্রামের আলিম মোল্লা, আবু তাহের ও আবুল ফয়েজের বরাত দিয়ে কসবা প্রেসক্লাবের সভাপতি মো. সোলেমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতির সময় যাত্রীদের চিৎকারে আশপাশের এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে যান। তারা রাস্তায় যানবাহনের বিশাল লাইন দেখতে পান।
তারা জানান, প্রায় এক ঘণ্টা ধরে ডাকাতরা ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন এবং নগদ টাকা লুটে নেয়।
কসবা থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুমিল্লা- সিলেট সড়কের মনকসাই নামক স্থানে শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে একদল ডাকাত গাছ কেটে রাস্তা অবরোধের চেষ্টা করলে কর্তব্যরত টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে গাছ সরিয়ে দেয় এবং ডাকাতির চেষ্টা ব্যর্থ করে দেয়।"
তিনি জানান ডাকাতরা কোন যানবাহনেই ডাকাতি করতে পারেনি। এ ব্যপারে কেউ থানায় অভিযোগও করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৭ ঘ.
bdnews24