২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন থেকে ১ সেপ্টেবর জাতীয় আয়কর দিবস পালন করা হবে

চলতি বছর থেকে ১ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবস পালন করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 11:36 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

কিশোরগঞ্জ, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর থেকে ১ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবস পালন করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। তিনি বলেন, "আয়কর প্রদানে সর্বস্তরের জনগণকে অনুপ্রাণিত করতে চলতি বছর থেকে ১ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবস পালন করা হবে। যাতে জনগণ আয়কর প্রদানকে ঝামেলা ও ভীতিকর কাজ মনে না করে। তারা এটাকে যেন নিজেদের কর্তব্য মনে করে।" বৃহস্পতিবার কিশোরগঞ্জে স্বেচ্ছায় কর প্রদান অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, "আমাদের বিদেশমুখিতা পরিহার করে নিজের দেশের স্বার্থের দিকে নজর দিতে হবে। কারণ শুধু ঋণ বা ভিক্ষার টাকায় কোন জাতি কোনো দিন উন্নতি করতে পারেনি। তাই নিজেরাই স্বপ্রণোদিত হয়ে সাধ্যমত কর প্রদান করে দেশের উন্নয়নে অংশগ্রহণ করা উচিত।" শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ৫৫৯ জন স্বনির্ধারণী আয়কর রিটার্ন জমা দিয়ে করের আওতায় আসেন। এর মধ্যে পাঁচজন করদাতা আনুষ্ঠানিকভাবে এনবিআর চেয়ারম্যান আবদুল মজিদের কাছে আয়কর রিটার্নের কাগজপত্র জমা দেন। এ সময় তিনি কর আদায় বাড়ানোর ক্ষেত্রে জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন। এনবিআর চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোনে জানান, জেলার বিভিন্ন উপজেলার ২৯৩ জন নতুন করদাতা স্বেচ্ছায় সাত লাখ টাকা কর দিয়েছেন। এছাড়া ২৬৬ জন করদাতা সনাক্তকরণ নম্বর (টিআইএন) ফরম নিয়েছেন। ঢাকা কর অঞ্চল-৫ এর কমিশনার কালীপদ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য পার্সা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), আব্দুল জলিল, কিশোরগঞ্জ পৌরসভার চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের মিয়া, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মো. আব্দুস সহিদ, জেলা জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি মজিবুর রহমান বেলাল, জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কাজী শাহীন খান এবং জেলার অতিরিক্ত সহকারী কর কমিশনার মো. হামিদুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৭ ঘ.