ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জেলার আখাউড়া থানা হাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় কর্তব্যরত কর্মকর্তা ও কনস্টেবলকে সাময়িক বরখাস্ত এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কারণ জানাতে নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আতাউল কিবরিয়া এ নির্দেশ দিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতের কোন এক সময়ে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার আবুল কালাম নামে এক আসামি থানা হাজত থেকে পালিয়ে যান। ওই সময় সহকারী উপ-পরিদর্শক মো. নাজিম কর্তব্যরত ছিলেন। সেন্ট্রিপোস্টে পাহারায় ছিলেন কনস্টেবল ফরিদ উদ্দিন।
আতাউল কিবরিয়া জানান, কর্তব্যে অবহেলার কারণে মো. নাজিম ও ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবীরকে কারণ জানাতে বলা হয়েছে।
ওসি শাহজাহান কবীর জানান, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। পলাতক আবুল কালামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫৩৪ ঘ.
bdnews24