২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ নিয়ে খালেদার রিট খারিজ

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের হাইকোর্ট বেঞ্চ বিএনপির সঙ্গে সংলাপের আমন্ত্রণ জানিয়ে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে দেওয়া চিঠির বৈধতা নিয়ে করা এ রিটের ওপর দীর্ঘ দশ কার্যদিবস শুনানি গ্রহণ শেষে এই রায় দেন। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 05:46 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের হাইকোর্ট বেঞ্চ বিএনপির সঙ্গে সংলাপের আমন্ত্রণ জানিয়ে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে দেওয়া চিঠির বৈধতা নিয়ে করা এ রিটের ওপর দীর্ঘ দশ কার্যদিবস শুনানি গ্রহণ শেষে এই রায় দেন। হাইকোর্ট রায়ে বলেছেন, "অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে ২২ নভেম্বর সংলাপে আমন্ত্রণ জানিয়ে নির্বাচন কমিশন যে চিঠি দিয়েছিল তা অবৈধ নয়। ওই চিঠি দিয়ে নির্বাচন কমিশন কোন আইন ভঙ্গ করেনি।" রায়ে আরও বলা হয়েছে, "বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি এই রিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। কাজেই এ বিষয়ে আদালত কোন সিদ্ধান্ত নিতে পারে না। এ কারণে রিটটি খারিজ করা হলো।" এ রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া সুপ্রিম কোর্টে আপিল করবেন কিনা এ বিষয়ে তার কৌসুলি টি এইচ খান জানান, সবার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তিনি হতাশা ব্যক্ত করে বলেন, "আপিল করে আর কি হবে।" এ রায়কে স্বাগত জানিয়ে নির্বাচন কমিশনের কৌসুলি ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, "বিএনপির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের বৈধতা নিয়ে যে রিট করা হয়েছিল তাকে আজকের রায়ে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।" এ রায় গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, "বিএনপির দলীয় অভ্যন্তরীণ ব্যাপারে এ রিট করা হয়েছে। রিট এখতিয়ারে এ বিষয় নিষ্পত্তি হতে পারে না। আদালত বিচার বিবেচনা করেই রিট খারিজ করে দিয়েছে।" হাফিজকে দেওয়া নির্বাচন কমিশনের চিঠি বৈধ কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, "রায় না দেখে এ বিষয়ে বলা যাবে না। আমরা শুনানিতে বলেছিলাম এ রিট খারিজ হওয়া দরকার।" তবে হাফিজউদ্দিনের কৌসুলি ড. শাহদীন মালিক সাংবাদিকদের বলেন, "হাইকোর্ট রায়ে বলেছেন, হাফিজ উদ্দিনকে ২২ নভেম্বর সংলাপে আমন্ত্রণ জানিয়ে নির্বাচন কমিশন যে চিঠি দিয়েছিল তা অবৈধ নয়। ওই চিঠি দিয়ে নির্বাচন কমিশন কোন আইন ভঙ্গ করেনি। আদালত খালেদা জিয়ার রিট খারিজ করে দিয়েছে। এর অর্থ মেজর হাফিজকে নির্বাচন কমিশনের দেওয়া চিঠি বৈধ।" তিনি আরও বলেন, "হাফিজকে দেওয়া চিঠির বৈধতা নিয়ে রিট করা হয়েছিল। আদালত বলেছে, চিঠিটা অবৈধ ছিল তা আদালতের মনে হয়নি। আদালতের রায়ের দুটি প্রধান যুক্তি ছিল। বিএনপির কোন পক্ষ বড় বা মূল, এ বিষয়টি সাক্ষ্য প্রদানের বিষয়। এ বিষয় নিয়ে রিট চলে না। অপর যুক্তি ছিল বিএনপির অক্টোবরের স্থায়ী কমিটির বৈঠক বৈধ ছিল কিনা। ওই বৈঠক কি চায়ের দাওয়াত না সভা তাও ঘটনাগত বিতর্কের বিষয়। এ বিষয়টিও সাক্ষ্য প্রমাণের বিষয়। রিটের বিচার্য বিষয় এটা হতে পারে না।" আদালতকে উদ্ধৃত করে ড. মালিক আরও বলেন, সংলাপের ব্যাপারে যেহেতু কোন আইন নেই, তাই হাফিজ উদ্দিনকে সংলাপের চিঠি দিয়ে নির্বাচন কমিশন আইন ভঙ্গ করেছে বলা যায় না। অ্যাডভোকেট টি এইচ খান সাংবাদিকদের বলেন, "খালেদা জিয়া রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। তাই আপনাআপনিই রিটটি রাজনৈতিক ইস্যু হয়ে গেছে।" তিনি আরও বলেন, "তবে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কোন বিষয় নিয়ে আদালতে আসলেই তাকে রাজনৈতিক ইস্যু বলা যায় না। নির্বাচন কমিশনের চিঠির বৈধতা নিয়ে করা এ রিট রাজনৈতিক ইস্যু হতে পারে না।" বিএনপিকে বিভক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে অভিযোগ করে টি এইচ খান বলেন, দলটিকে ধ্বংস করার চেষ্টা চলছে। সকাল ১০টা ৫৫ মিনিটে এ রায় প্রদান শুরু করে ১২টা ২০ মিনিটে তা শেষ করেন আদালত। এ রায় প্রদানকে কেন্দ্র করে সকাল থেকে সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার করা হয়। আদালতের প্রতিটি প্রবেশ পথে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষকে তল্লাশি করে আইন শৃংখলা বাহিনী। গত বছরের ১৮ নভেম্বর খালেদা জিয়া সংলাপ নিয়ে রিট দায়ের করেছিলেন। এই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদকে সংলাপে ডাকার ব্যাপারে নির্বাচন কমিশনের দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিত করে দিয়েছিল হাইকোর্ট। ওই চিঠিকে কেন অবৈধ ঘোষণা করা হবেনা এবং খোন্দকার দেলোয়ার হোসেনকে কেন সংলাপে আমন্ত্রণ জানাতে নির্দেশ দেওয়া হবেনা তার কারণ জানতে চেয়ে নির্বাচন কমিশন, বিএনপির স্থায়ী কমিটির ছয় সদস্য ও হাফিজ উদ্দিনের প্রতি রুল জারি করেছিল আদালত। গত বছরের ৫ নভেম্বর নির্বাচন কমিশন চিঠি দিয়ে হাফিজ উদ্দিন আহমেদকে ২২ নভেম্বর সংলাপে অংশ নেওয়ার আহবান জানায়। নির্বাচন কমিশন চিঠি দেওয়ার আগে ৪ নভেম্বর ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীমের দায়ের করা অপর একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন কমিশনের প্রতি রুল জারি করে আইন, প্রথা ও বিএনপির গঠনতন্ত্র মেনে নির্বাচনী সংলাপে আমন্ত্রণ জানাতে কেন নির্দেশ দেওয়া হবে না তার জবাব দিতে বলেছিল। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীমের দায়ের করা এ রিটটি এখনও বিচারাধীন রয়েছে। এদিকে রায়ের পর বিএনপির খালেদাপন্থী মহিলা কর্মীরা হাইকোর্টে বিক্ষোভ প্রদর্শন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমএ/১৫২০ঘ.