গাজীপুর, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের পূবাইল মেঘডুবি এলাকায় বাইপাস বিশ্বরোডের পাশ থেকে বুধবার স্যুটকেসে ভরা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
তরুণীর পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল কামিজ ও জিন্সের প্যান্ট। অজ্ঞাত পরিচয়ের ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা লাশটি ফেলে যায় বলে পুলিশের ধারণা।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক ওসমান গণি সাংবাদিকদের জানান, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে বুধবার সকালে রাস্তার পাশের ক্ষেত থেকে স্যুটকেসবন্দি লাশটি উদ্ধার করা হয়।
তিনি বলেন, "তরুণীর ঘাড় ও পা ভেঙে লাশটি স্যুটকেসে ঢোকানো হয়েছে। সম্ভবত তাকে অন্য কোথাও শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা রাতে লাশটি ফেলে যায়।"
নিহতের শরীরে তেমন কোনও আঘাতের চিহ্ন নেই বলে ওসমান গণি জানান।
ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৮২৭ ঘ.
bdnews24