কোম্পানীগঞ্জ (নোয়াখালী), এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক প্রবাসীর বাড়িতে মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৭ নম্বার ওয়ার্ডে যুক্তরাষ্ট্রপ্রবাসী তাজুল ইসলামের বাড়িতে হানা দিয়ে ডাকাত দল ১১৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও ডলারসহ কমপক্ষে ৩৫ লাখ টাকার লুট করেছে বলে ওই পরিবারের সদস্যরা দাবি করেছেন। পুলিশ বুধবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
তাজুল ইসলামের ভগ্নিপতি মোহাম্মদ হানিফ সাংবাদিকদের জানান, রাত ২টার দিকে ৩৫/৪০ জন সশস্ত্র ডাকাত বাসার দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। ডাকাতরা বাসার লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে ১১৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩২ হাজার টাকা, ২ হাজার ৮০০ আমেরিকান ডলার, ছয়টি ঘড়ি, তিনটি মোবাইল সেট, দামি কাপড় নিয়ে চলে যায়।
লুণ্ঠিত মালামালের দাম ৩৫ লাখ টাকা বলে তিনি জানান।
ডাকাতির খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা বুধবার সকালে ঘটনাস্থলে যান। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান হোসেন সাংবাদিকদের বলেন, "ডাকাতির পরপরই টহল পুলিশ ওই বাড়িতে যায়। তবে ডাকাতদের ধরা যায়নি। ডাকাতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।"
এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সংবাদদাতা/এমআই/১৭৪২ ঘ.
bdnews24