ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) বর্তমান চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগ আইন অনুযায়ী ও যথাযথ প্রক্রিয়া মেনেই হয়েছে বলে আবারও মন্তব্য করেছেন কমিশনের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল।
সোমবার দুদকের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
গত বৃহস্পতিবার দুদকের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীও এমন মন্তব্য করেছিলেন।
দুর্নীতির দায়ে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী কমিশনের গঠন এবং এতে চেয়ারম্যান ও দুই কমিশনারের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে তার দুর্নীতি মামলা বাতিলের জন্য রোববার হাইকোর্টে আবেদন করেন।
ওই আবেদনে দুদকের গঠন প্রক্রিয়াকে বেআইনি অভিহিত করে এর চেয়ারম্যান ও দুই কমিশনারের নিয়োগ এবং সাকা চৌধুরীর বিরুদ্ধে কমিশনের দায়ের করা দুর্নীতি মামলার কার্যক্রমকে 'আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বেআইনি' ঘোষণার দাবি জানানো হয়েছে।
হানিফ ইকবাল বলেন, "কমিশন প্রতিষ্ঠার বিধি-বিধান অনুসরণের দায়িত্ব সরকারের ওপর বর্তায়। বর্তমান কমিশন রাষ্ট্রপতির আদেশক্রমেই গঠিত হয়েছে। এ সংক্রান্ত যাবতীয় দলিলপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দুদকের কাছে রক্ষিত আছে।"
তিনি জানান, জ্ঞাত আয়-বহির্ভূত সম্পত্তি অর্জন ও এর তথ্য গোপনের অভিযোগে সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, সাবেক সাংসদ মকবুল হোসেনের ছেলে মাসুদুর রহমান ও তার স্ত্রী সালমা রহমান এবং সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ ও তার স্ত্রী আয়েশা জবিউল্লাহর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।
এছাড়াও সাবেক আইন সচিব আলাউদ্দিন সরদার, ঢাকা সিটি করপোরেশনের ওর্য়াড কমিশনার নবী উল্লাহ নবী এবং সড়ক ও জনপথের সাবেক প্রধান প্রকৌশলী মো. ফজলুল হককে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে কমিশন।
প্রস্তাবিত ট্রুথ কমিশন আইনের কয়েকটি ধারা সম্পর্কে দুদক সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলেও সাংবাদিকদের জানান হানিফ ইকবাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২০৩০ঘ.
bdnews24