ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের দশমন তারা গ্রামে রোববার গভীর রাতে ডাকাত দলের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে দুই ডাকাত নিহত হয়েছেন। আরও তিন ডাকাতসহ আহত হয়েছেন আটজন। গ্রেপ্তার করা হয়েছে চার ডাকাতকে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী গ্রামে সোমবার ভোর রাতে ডাকাতদের গুলিতে চারজন আহত হয়েছেন।
আমাদের শরীয়তপুর প্রতিনিধি জানান, ডামুড্যায় নিহত দুই ডাকাত হলেন- বরিশালের মুলাদি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল গণি আকনের ছেলে আমিনুল (২২) ও মাদারীপুর জেলার কাজগাড়ি গ্রামে রনি চৌকিদার।
আহত ডাকাতরা হলেন- গোসাইরহাট উপজেলার আবু তাহের (২৪), বরিশালের মুলাদী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সুলাইমান (২৫), সেলিমপুর গ্রামের চান মিয়া (২৮)। এদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গ্রেপ্তার করেছে শরীয়তপুরের জাজিরা উপজেলার বালিয়াকান্দি গ্রামের রাসেল (২২) ও আহত তিন ডাকাতকে।
ডাকাতদের মারধরে আহত গৃহকর্তা তোতা ও তার স্ত্রী হাওয়াসহ পাঁচজনকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ডামুড্যা থানার উপ-পরিদর্শক জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ২টার দিকে দশমন তারা গ্রামের তোতা মিয়ার ঘরে ১০/১২ জনের একদল ডাকাত 'আইনের লোক' পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। তোতা দরজা খোলতে না চাইলে ডাকাতরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা তোতা ও তার স্ত্রী হাওয়াকে হাত পা বেঁধে মারপিট করে।
পরে হাওয়ার কাছ থেকে আলমারির চাবি নিয়ে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার সময় তারা চিৎকার করে। এলাকার লোকজন লাঠি-সোটা ও দা নিয়ে ডাকাতদের ঘিরে ফেললে তারা পাল্টা হামলা চালায়।
দুই পক্ষের সংঘর্ষের সময় এলাকাবাসী ৬ ডাকাতকে দা দিয়ে কোপায় এবং পায়ের রগ কেটে দেয়। আহতাবস্থায় তাদের প্রথমে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে সোমবার সকালে শরীয়রতপুর সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান আমিনুল। আহত অপর ডাকাত রনি চৌকিদারের মৃত্যু হয় হাসপাতালে।
শরীয়তপুরের পুলিশ সুপার শাহারিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১০/১২ জন ডাকাত ছিল। তাদের মধ্যে ৪/৫ জন পালিয়ে গেলেও স্থানীয় লোকজন ৫/৬ জনকে আটক করে মারপিট করে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
চট্টগ্রাম অফিস জানায়, বোয়ালখালীতে ডাকাতদের গুলিতে আহতরা হলেন- দিদারুল আলম (১৯), মো. সোলায়মান (১৯), লক্ষ্মীপদ দাশ (২০) ও লিটন দাশ (১৯)। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহির আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর চারটার দিকে গোমদণ্ডী গ্রামের পাশাপাশি দুটি বাড়িতে দশ-পনেরজনের ডাকাত দল হানা দেয়। এসময় বাড়ির সদস্যরা ডাকাতদের বাধা দিলে তারা এলোপাথাড়ি গুলি ছুঁড়ে। ডাকাতদের গুলিতে চার ব্যক্তি গুরুতর আহত হন।
তিনি আরও জানান, ভোর পাঁচটার দিকে তাদের চমেক হাসপাতালে আনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএসবি/১৯৩৬ ঘ.
bdnews24