ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার অভিযোগে দায়ের মামলা বাতিলের জন্য সোমবার হাইকোর্টে আবেদন জানিয়েছেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। আদালত এ ব্যাপারে মঙ্গলবার আদেশ দেবে।
পাশাপাশি জোবাইদার আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে তাকে অব্যাহতি দিয়েছে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এমদাদুল হকের হাইকোর্ট বেঞ্চ।
ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার সম্পদের মালিক হওয়া এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক জহিরুল হুদা গতবছর ২৬ সেপ্টেম্বর তারেক রহমানের বিরুদ্ধে কাফরুল থানায় এ মামলা দায়ের করেন। জোবায়দা ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু এ কাজে তারেককে সহযোগিতা করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।
গত ৩১ মার্চ ওই তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা।
মামলাটি বাতিলের জন্য জোবাইদার আবেদনের ওপর সোমবার শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা। আদালতে তারা দাবি করেন, জোবাইদার বিরুদ্ধে দুর্নীতিতে তারেককে সহযোগিতার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
এদিকে এ মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর সোমবার আবারও স্থগিতাদেশ চেয়েছে দুর্নীতি দমন কমিশন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এ মতিন বিষয়টির নিষ্পত্তি না করে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন। আগামী ১৫ এপ্রিল ওই আবেদনের ওপর শুনানি হবে।
তারেক রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে গতবছর ১ অক্টোবর হাইকোর্ট মামলাটির কার্যক্রম স্থগিত করে দেয়। কমিশন ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে ৪ অক্টোবর হাইকোর্টের আদেশ তিন সপ্তাহের জন্য স্থগিত করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। এই সময়ের মধ্যে কমিশনকে নিয়মিত আপিল করতে বলা হয়। কিন্তু কমিশন বেঁধে দেওয়া সময়ের মধ্যে তা করেনি।
এ কারণে সোমবার কমিশন হাইকোর্টের আদেশ নতুন করে স্থগিতের জন্য আপিল বিভাগে আবেদন জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএ/১৭৫৫ঘ.
bdnews24