ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোকে করের আওতায় আনার প্রস্তাব দিয়েছে জাতীয় কর আইনজীবী সমিতি।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে সমিতির এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেওয়া হয়।
কর আইনজীবীরা সাবেক মন্ত্রী, সাংসদ, সরকারি কর্মকর্তা ও ধর্মীয় নেতাদের সম্পদের হিসাব তদন্ত, শতকরা ১০ ভাগ আয়কর বাড়িয়ে স্বনির্ধারণী পদ্ধতি দাখিলের বিধান চালু, এনজিও কর্মকর্তাদের বেতনের ওপর এবং টিআইএন সার্টিফিকেট দেওয়ার ওপর অগ্রিম কর আরোপসহ ২০ দফা সুপারিশ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কর আইনজীবী সমিতির সভাপতি মো. জাকির হোসেন আগামী বাজেটে করের পরিধি বিস্তৃত করে রাজস্ব আদায় বাড়ানোর পরামর্শ দেন। দুর্নীতিবিরোধী চলমান অভিযান আরও জোরদারের দাবিও জানান তিনি।
জাকির হোসেন বলেন, "অনেক দুর্নীতিবাজ গা বাঁচাতে ভোল পাল্টে এখন সরকারের সঙ্গে সুর মেলাচ্ছে। এদের বিরুদ্ধে সরকারকে সজাগ থাকতে হবে।"
রাজনৈতিক দলগুলোকে করের আওতায় আনার প্রস্তাব রেখে তিনি বলেন, "রাজনৈতিক দলগুলোকে করের আওতায় আনা গেলে শুধু রাজস্ব আদায়ই বাড়বে না, দল পরিচালনায় স্বচ্ছতাও আসবে। এতে গণতন্ত্রের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ বাড়বে।"
কয়েক জন ধর্মীয় নেতা ব্যক্তিগতভাবে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন জানিয়ে জাকির হোসেন বলেন, "তাদের কাছ থেকে সঠিক কর আদায় করতে ব্যবস্থা নিতে হবে।"
সমিতির ২০ দফা দাবির মধ্যে আরও রয়েছে, সম্পদ কর চালু করা, স্থাবর সম্পত্তি হস্তান্তর করার ক্ষেত্রে উৎস আয়কর সংগ্রহের হার শতকরা ১০ ভাগ নির্ধারণ, দুর্নীতিবাজদের সম্পদের তালিকা জনসমক্ষে প্রকাশ, অতিথি নিয়ন্ত্রণ আইন বাস্তবধর্মী করা, ভ্যাট ও আয়কর রির্টানে সমন্বয় করা, এনজিওদের জন্য একটি পৃথক রেগুলেটরি কমিশন গঠন করে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা, জয়েন্ট স্টক কোম্পানি আইন আধুনিকায়ন, আয়কর রিটার্নের সঙ্গে অডিট রিপোর্ট বাধ্যতামূলক না করা ইত্যাদি।
সংসাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল আজিজ সরকার, সহসভাপতি ড. জমিরুল আখতার ও অ্যাডভোকেট কনিকা মাহফুজ আরা বেগম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩১৯ ঘ.
bdnews24