বাগেরহাট, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ গ্র"প থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ম. হামিদ যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেছেন।
কোন রাজনৈতিক দলের পৃষ্টপোষকতায় এদের বিচার চাওয়া হচ্ছে না দাবি করে তিনি বলেন, "দেশের স্বাধীনতা সংগ্রামে যারা জীবন দিয়েছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, যাদের মা বোন ধর্ষিতা হয়েছে তাদের সামনে দেশদ্রোহী যুদ্ধাপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।"
শনিবার রাতে স্থানীয় বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে রুদ্র নাট্যদলের যুগপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ম. হামিদ বলেন, "গ্র"প থিয়েটার জাতির যে কোন দুর্যোগে পথে নেমেছে। দেশের অমিত সম্ভবনাকে জাগিয়ে তুলতে গ্র"প থিয়েটার কাজ করে যাচ্ছে।"
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল হাসান ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত যুগপূর্তি সূচনা পর্বের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্র"প থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী ও গ্র"প থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সানোয়ার আলম দুলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও রুদ্র নাট্যদলের সভাপতি অ্যাডভোকেট রামকৃষ্ণ বসু।
ঝুনা চৌধুরী এই প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে বিশেষ ট্রাইবুনাল গঠন করে যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করার আহবান জানান।
এর আগে সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা সভা শেষে রুদ্র নাট্য দল 'পালিয়ে বেড়ায়' নামে একটি নাটক মঞ্চস্থ করে।
শনিবার সকালে গ্র"প থিয়েটার ফেডারেশনের নেতারা ফেডারেশনের আর্থিক সহযোগিতায় ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত ১০ জনকে নির্মাণ করে দেওয়া ঘর পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৪ ঘ.
bdnews24