চট্টগ্রাম, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর জামাল খান এলাকায় শনিবার রাতে ছিনতাইকারীর গুলিতে জিয়াউল হক (১৮) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
জিয়াউল নগরীর আসকার দীঘির পাড় এলাকার মৃত সাইদুল হকের ছেলে বলে পুলিশ জানিয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিল।
কোতোয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক আরিফ হোসাইন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিয়াউল রাত ১১টার দিকে জামাল খান শহীদ সাইফুদ্দিন খালেদ সড়কের ভিক্টোরিয়া ন্যাশনাল স্কুলের সামনে ছিনতাইকারীর কবলে পড়ে। ওই সময় সে বাধা দিলে ছিনতাইকারীরা তাকে গুলি করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। গুলিবিদ্ধ জিয়াউল ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় জিয়াউলের বড় ভাই এনামুল হক বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
জামাল খান এলাকার সাইফুদ্দিন খালেদ সড়কের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই ছিনতাইকারীরা পথচারীদের কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩৫৪ ঘ.
bdnews24