চট্টগ্রাম, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতটি দেশের ১৩১ জন শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করেছে চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ)। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মেধাবী ও দরিদ্র ছাত্রীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ করে দিতে চট্টগ্রামে এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হয়েছে।
শনিবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলানায়তনে এইউডব্লিউ'র শিক্ষার্থীদের শিক্ষানবীশ কোর্সের (এক্সেস একাডেমি) উদ্বোধন হয়। রোববার থেকে নগরীর মোহাম্মদ আলী রোডের অস্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে। নগরীর উপকণ্ঠে জঙ্গল সালিমপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার আগে এখানেই চলবে একাডেমিক কার্যক্রম।
আঠার মাসের এক্সেস একাডেমি কোর্স প্রসঙ্গে এইউডব্লিউ সাপোর্ট ফাউন্ডেশনের সভাপতি কামাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আওতায় শিক্ষার্থীদের ইংরেজি, গণিত ও কম্পিউটার বিজ্ঞানে নির্দিষ্ট মানে উন্নীত করতে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে। এ কোর্স সম্পন্ন করে শিক্ষার্থীরা জননীতি, শিক্ষা, ব্যবস্থাপনা, পরিবেশ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানের যে কোন একটিতে পছন্দ অনুযায়ী স্নাতক ও স্নাতকোত্তর কোর্স সম্পন্ন করবে।
তিনি আরও জানান, নগরীর উপকণ্ঠে জঙ্গল সলিমপুরে প্রায় ২০০ একর জমি নিয়ে সম্পূর্ণ বিদেশি অর্থায়নে নির্মিত হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো। ২০১০ সাল নাগাদ কাজ শেষ হবে। স্থায়ী ক্যাম্পাস নির্মিত না হওয়া পর্যন্ত নগরীর এম এম আলী রোডের একটি দশতলা ভবনে এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চলবে বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন বাংলাদেশের ৫৯, ভারতের ১৯, শ্রীলংকার ৩০, নেপালের ১১, কম্বোডিয়ার ৮, পাকিস্তানের ৩ ও মিয়ানমারের ১ জন শিক্ষার্থী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করে বলেন, এই বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ছাত্রীরা একুশ শতকের উপযোগী উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি ভাষা, সংস্কৃতি ও রীতিনীতি আদান-প্রদানের মধ্য দিয়ে স
bdnews24