২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ জেলায় ঝড়-বজ্রপাতে ১০জন নিহত

পাবনার ফরিদপুর উপজেলার শাকপালা গ্রামে বৃহস্পতিবার রাতে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। একই রাতে মাগুরা সদর উপজেলায় ঝড়ের আঘাতে ঘরের দেওয়াল চাপা পড়ে এক শিশু মারা গেছে। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় মারা গেছে দুই ভাই-বোন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2008, 04:16 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ফরিদপুর উপজেলার শাকপালা গ্রামে বৃহস্পতিবার রাতে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। একই রাতে মাগুরা সদর উপজেলায় ঝড়ের আঘাতে ঘরের দেওয়াল চাপা পড়ে এক শিশু মারা গেছে। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় মারা গেছে দুই ভাই-বোন। পঞ্চগড় শহরে ঝড়ের সময় মারা গেছেন দুজন। শুক্রবার দুপুরে সাতক্ষীরায় মারা গেছে দুই কিশোর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পাবনা প্রতিনিধি জানান, বজ্রপাতে নিহতরা হলেন- শাহ আলম (৪০), তার স্ত্রী রোকেয়া খাতুন (৩৫) এবং রোকেয়ার মা আছিয়া খাতুন (৬০)। আছিয়া খাতুনের বাড়ি একই উপজেলার মেথরাপাড়া গ্রামে। পুলিশ সুপার এ এফ এম মাসুম রাব্বানী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বজ্রপাতে শাহ আলমের বাড়ির একটি টিনের ঘর পুড়ে যায়। এতে ঘরে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। অপর ঘরে থাকায় শাহ আলমের দুই ছেলে-মেয়ে বেঁচে যায়। এছাড়া ঝড়ে পুরো জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালা উপড়ে গেছে। আমের গুটি, কাঁঠাল ও গমের ব্যাপক ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। মাগুরা প্রতিনিধি জানান, সদর উপজেলায় ঝড়ের আঘাতে ঘরের দেওয়াল চাপা পড়ে স্বাধীন নামে ৭ বছরের এক শিশু মারা গেছে। এছাড়া ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে। সদর থানার উপ-পরিদর্শক ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে প্রবল ঝড়ে সদর উপজেলার মঘি গ্রামের কামরুল ইসলামের ঘরের মাটির দেওয়াল ধসে গেলে চাপা পড়ে তার ছেলে স্বাধীন (৭) গুরুতর আহত হয়। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করার পর শুক্রবার সে মারা যায়। এছাড়া ঝড়ে শ্রীপুর, শালিখা ও মোহম্মদপুরের গম, ভুট্টা, কলা ও পেঁপে ক্ষেত নষ্ট হওয়ার পাশাপাশি অন্তত পাঁচ শতাধিক কাঁচা-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। কুমিল্লা প্রতিনিধি জানান, উপজেলার লস্করপুর গ্রামে ঝড়ে নিহত দুই ভাই-বোন হল- শরিফ (৬) ও সুরমা (৮)। তাদের বাবার নাম জাহাঙ্গীর। মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝড়ে ওই গ্রামের ২০ থেকে ২৫ টি ঘর বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে বেশ কিছু গাছ। পঞ্চগড় প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাতে ঝড়ে বাঁশ চাপা পড়ে ও বজ্রপাতের সময় হার্ট অ্যাটাকে শহরের সিএন্ডবি মোড় এবং ইসলাম মহল্লায় দুইজন মারা গেছেন। এরা হলেন- আমিরুল ইসলাম (৪৫) ও কছিমউদ্দিন (৭০)। এছাড়া ঝড় ও শিলাবৃষ্টিতে জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার বিভিন্নস্থানে বিদ্যুৎ ব্যবস্থাও ভেঙে পড়েছে। সদর থানার উপপরিদর্শক মিজানুর রহমান প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার রাতে প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরের বাঁশ চাপা পড়ে মারা গেছেন শহরের সিএন্ডবি মোড়ের আমিরুল ইসলাম। এছাড়া বজ্রপাতের প্রচন্ড শব্দে হার্ট অ্যাটাকে মারা গেছেন শহরের ইসলামবাগ মহল্লার কছিমউদ্দিন। সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু জানান, বৃহস্পতিবারের ঝড়ে যতনপুকুর, সিএন্ডবি মোড়, সর্দারপাড়া, লাঙ্গলগাঁও ও ঘাটিয়ারপাড়া এলাকায় কয়েকশ আধাপাকা ও কাঁচা ঘরবাড়ি ভেঙ্গে গেছে। এছাড়া, আটোয়ারি উপজেলার বোধগাঁও, নীতুপাড়া, বর্ষালুপাড়া গ্রামের কয়েক শতাধিক কাঁচা বাড়ি ভেঙ্গে গেছে। ভেঙ্গে গেছে এবং উপরে গেছে কয়েক হাজার গাছ। উপপরিদর্শক মিজানুর রহমান আরও জানান, বৃহস্পতিবার রাত ১টা ৪৫ মিনিট থেকে শুক্রবার সন্ধ্য্ াপর্যন্ত জেলায় বিদ্যুত সরবরাহ বন্ধ ছিল। সন্ধ্যা সাড়ে সাতটায় বিশেষ ব্যবস্থায় পঞ্চগড় শহরে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়। প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টিতে উঠতি ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঞ্জুর হাসান ভুঁইয়া বলেন, "ঝড়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।" সাতক্ষীরা প্রতিনিধি জানান, শুক্রবার দুপুরে বজ্রপাতে আশাশুনি উপজেলায় দুই কিশোর মারা গেছে। আহত হয়েছে একজন। নিহতরা হলো নোয়াপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম (১১) এবং কাপসাণ্ডাপাড়া গ্রামের খোকন সানার ছেলে নাজমুল সানা (১৫)। নাজমুল সানা চেউটিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্র ছিল। আশাশুনি থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারি উপপরিদর্শক (এএসআই) শাহিনুর রহমান জানান, দুপুরে ঝড় বৃষ্টির সময় বজ্রপাতে রেজাউল ইসলাম ও নাজমুল সানা মারা গেছে। এ সময় তার রেজাউলের ভগ্নিপতি ফজলুর রহমান মারাত্মক আহত হয়। ফজলুর রহমানকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএআর/ডিডি/এমএসবি/২২০২ ঘ.