ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের মহাব্যবস্থাপক (ট্রান্সমিশন) মুজিবুর রহমানকে রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল ফোন কোম্পানি টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার টেলিটকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২০০৬ সালের ২৭ ডিসেম্বর মো. ওবায়দুল্লাহ অবসরে যাওয়ার পর থেকে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালকের পদটি শূন্য ছিল। মহাব্যবস্থাপক পদ মর্যাদার কয়েকজন কর্মকর্তা এতোদিন পালাক্রমে ওই দায়িত্ব পালন করেন।
টেলিটকের পরিচালনা বোর্ডের (বিটিটিবি) চেয়ারম্যান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. ইকবাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুজিবুর রহমানকে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের সিদ্ধান্ত বোর্ড অনুমোদন করেছে। সার্চ কমিটি তাকে নিয়োগের জন্য মনোনয়ন করে। তাকে দু' বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।"
ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের পর টেলিটকের কার্যক্রম গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/০০১৬ ঘ.
bdnews24