ঢাকা, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমার দেশ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক আমানুল্লাহ কবীর বৃহস্পতিবার রাতে পদত্যাগ করেছেন। পত্রিকাটির কর্মীরা জানিয়েছে, সাংবাদিক ও কর্মচারীদের চাপের মুখে তিনি পদত্যাগে বাধ্য হন।
আমার দেশের বার্তা সম্পাদক চন্দন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সোয়া ১১টার দিকে আমানুল্লাহ কবীরের পদত্যাগপত্র অফিসের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। উপদেষ্টা সম্পাদক আতাউস সামাদ ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব নিয়েছেন।"
বার্তা বিভাগের শিফট ইনচার্জ সুমন ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পত্রিকার সাংবাদিক ও কর্মচারীরা গত ১০ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। এ ব্যাপারে আমানুল্লাহ কবীর কোনো সমাধান দিতে পারেননি।
তিনি জানান, সর্বশেষ গত ১৮ মার্চ আমার দেশ কর্তৃপক্ষ প্রগতি ইন্সুরেন্স কোম্পানি থেকে অগ্নিকাণ্ডের বীমার টাকার চেক পায়। এক কোটি ছয় লাখ টাকার ওই চেক পাওয়ার পর আমানুল্লাহ কবীর বেতন-ভাতা পরিশোধের বিষয়ে আশ্বস্ত করেছিলেন।
সুমন ইসলাম জানান, বৃহস্পতিবার সাংবাদিক ও কর্মচারীদের দুই মাসের বেতন-ভাতা দেয়ার কথা ছিল। দুপুরে পত্রিকার মহাব্যবস্থাপক আবু সুফিয়ান টাকা তুলতে ব্যাংকে গেলেও তিনি আর অফিসে ফেরেননি।
এতে ক্ষুব্ধ সাংবাদিক-কর্মচারীরা কাজ বন্ধ রেখে সম্পাদকের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করে। চাপের মুখে সম্পাদক বিভাগীয় সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।
তাৎক্ষণিকভাবে আমানুল্লাহ কবীরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এসএনডি/এমএইচবি/২৩৪০ ঘ.
bdnews24