রাঙামাটি, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ঐতিহ্যবাহী বৈসুক-সাংগ্রাই-বিজু উৎসব সামনে রেখে বৃহস্পতিবার থেকে রাঙামাটিতে চার দিনব্যাপী আদিবাসী সংস্কৃতি মেলা শুরু হয়েছে।
আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মেলা উদ্বোধন করেন।
মেলা প্রাঙ্গণে বসেছে আদিবাসীদের বিভিন্ন পণ্যের স্টল। এসব স্টলে আদিবাসী গানের ক্যাসেট, পোশাক, হস্তশিল্প, প্রকাশিত বিভিন্ন বইপত্র ও তাদের তৈরি বিভিন্ন পিঠা বিক্রি হচ্ছে।
জুম ইসথেটিকস্ কাউন্সিল (জাক) আয়োজিত আদিবাসী সংস্কৃতি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে শিশু শিল্পীরা উদ্বোধনী সংগীত ও নৃত্য পরিবেশন করে। পরে উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় উপদেষ্টা হাসান আরিফ বলেন, আদিবাসীদের এই সংস্কৃতি মেলার মাধ্যমে আদিবাসীদের সংস্কৃতিকে সারা দেশে তুলে ধরতে হবে। বিশ্বব্যাপী পরিচয় করিয়ে দিতে হবে আদিবাসীদের সংস্কৃতিকে।
এ সংস্কৃতি মেলা ভবিষ্যতে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
জাক এর সাধারণ সম্পাদক শিশির চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নূরুল আমীন, আদিবাসী নেতা এসসি আলবার্ট সরেন, কবি ও সাহিত্যক হাফিজ রশিদ খান, রাখাইন বুড্ডিস ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মংহ্লা সিং রাখাইন, নাট্যকার ফয়েজ জহির। স্বাগত বক্তব্য দেন জাক এর সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র চাকমা বিনয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২২২২ ঘ.
bdnews24