ঢাকা, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) ক্ষেত্রে বাংলাদেশের নীতির প্রশংসা করেছে ভারতের আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (অ্যামচেম)।
বৃহস্পতিবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) নেতাদের সঙ্গে আলাদা বৈঠকে ভারতীয় অ্যামচেম প্রতিনিধিরা এ বিষয়ে তাদের সন্তোষ প্রকাশ করেন।
সাংবাদিকদের উপস্থিতে বেলা সাড়ে ১২টার দিকে ডিসিসিআইয়ের সঙ্গে সংস্থার কার্যালয়ে বৈঠকে প্রতিনিধি দলের প্রধান কে এন মেমানি বলেন, বাংলাদেশ সরকারের আকর্ষণীয় সুবিধার এফডিআই নীতিমালা যথেষ্ট উদার। এখানকার মতো সুবিধা ভারতেও নেই।"
মেমানি বলেন, "কর অবকাশ, মূলধনী যন্ত্রাংশ আমদানিতে হ্রাসকৃত শুল্ক সুবিধা, শর্তহীনভাবে বিনিয়োগ সরিয়ে নেওয়ার নীতি এবং শতভাগ বিদেশি সম্পদ বিনিয়োগের সুযোগ প্রমাণ করে বাংলাদেশের এফডিআই নীতিমালা যথেষ্ট উদার।"
বৈঠকে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি (আইটি) খাতকে শক্তিশালী করতে ভারতীয় অ্যামচেমের সহযোগিতা চান ডিসিসিআই সভাপতি হোসাইন খালেদ।
তিনি বলেন, "ভারত, মালয়েশিয়া, চীন, ফিলিপাইন বা নেপালের মতো আইবিএম বাংলাদেশেও গবেষণা কেন্দ্র স্থাপন করলে আমাদের জন্য ভালো হবে। তথ্য-প্রযুক্তিকেই উন্নয়নের চাবিকাঠি বিবেচনা করছে বাংলাদেশ কিন্তু এখানে তথ্য-প্রযুক্তিভিত্তিক সেবা যথেষ্ট অপ্রতুল।"
খালেদ জানান, দেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অভ্যন্তরীণ চাহিদার ৯৭ শতাংশ পূরণ করার পাশাপাশি বিশ্বের ৬৭টি দেশে রপ্তানিও করছে। ভারতীয় অ্যামচেমের সঙ্গে যৌথউদ্যোগ এ খাতকে আরো শক্তিশালী করবে।
পরে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে ভারতীয় অ্যামচেমের কলকাতার প্রধান গুলশান সাচদেব বলেন, "আইটি ও টেলিযোগাযোগ, উৎপাদন শিল্প, চিকিৎসা যন্ত্রাংশ, বিদ্যুৎ ও জ্বালানি এবং আর্থিক ও শিক্ষা সেবা খাতে বাংলাদেশে বিনিয়োগের ভালো সুযোগ রয়েছে। বাংলাদেশ একটি অন্তবর্তীকালীন সময় পার করছে। গত কয়েক বছর ধরেই এদেশে প্রবৃদ্ধির হার ৬ শতাংশের ওপর ছিল এবং সামনে তা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।"
এফবিসিসিআই-র নতুন সভাপতি আনিসুল হক বলেন, "অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশ অনেকদূর এগিয়েছে। আমরা ক্ষুদ্রঋণ প্রকল্প উদ্ভাবন করেছি, জন্ম ও মৃত্যু হারও যথেষ্ট কমিয়ে এনেছি।"
আমলাতান্ত্রিক জটিলতাকে ভারত ও বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে একটি বড় অন্তরায় উল্লেখ করেন তিনি।
২৪ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলটি মঙ্গলবার ঢাকা এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এসএনডি/এমএইচবি/১৯৫৩ ঘ.
bdnews24