চট্টগ্রাম, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান এবং আরেক সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের বিরুদ্ধে করা বোমা হামলা মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। তবে রাষ্ট্রপক্ষ এই প্রতিবেদনের ব্যাপারে আদলতে আপত্তি জানিয়েছে।
১৯৯৯ সালের ১২ ডিসেম্বর নিউমার্কেট এলাকায় বিএনপির মিছিল থেকে বোমা হামলার অভিযোগে করা এই মামলার চূড়ান্ত প্রতিবেদন বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে দাখিল করা হয়। তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার উপ-পরিদর্শক প্রদীপ দাশের দেওয়া এ প্রতিবেদনের ব্যাপারে আপত্তি জানিয়ে শুনানির আবেদন জানান সরকারি কৌসুলি (পিপি) আহসানুল হক হেনা।
মহানগর দায়রা জজ এ এনএম বশির উল্ল্যাহ রাষ্ট্রপক্ষের আইনজীবীর আপত্তির পরিপ্রেক্ষিতে আগামী ৯ এপ্রিল শুনানির দিন ধার্য করেন। একইসঙ্গে ওই দিন মামলার নথি আদালতে উপস্থাপনের নির্দেশ দেন।
মহানগর পিপি আহসানুল হেক হেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে মামলার বাদী এবং তদন্ত কর্মকর্তা পুলিশ নিজেই সেটার সাক্ষী পাওয়া যাবে না- এই তথ্য বাস্তবসম্মত নয়। তাছাড়া ঘটনাটি দিনের বেলায় সবার সামনে ঘটেছে এবং মিছিলের সামনে ও পেছনে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। একইভাবে আসামিরা সবাই পরিচিত মুখ। তাই কোনভাবেই এটির চূড়ান্ত প্রতিবেদন হতে পারে না।
তিনি আরও বলেন, "পুলিশের করা এ মামলায় যদি চূড়ান্ত প্রতিবেদন দেওয়াই হয় তাহলে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আদালতকে অনুরোধ করবো।"
মামলার বিবরণ থেকে জানা যায়, ঘটনার সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক দস্তগীর চৌধুরী, যুগ্ম সম্পাদক আবু সুফিয়ানসহ অন্যান্য নেতারা মিছিলে উপস্থিত ছিলেন। তবে ওই বোমা হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি।
এ ব্যাপারে কোতয়ালি থানার তৎকালীন কনস্টেবল রেজাউল করিম এ চারজনসহ বিএনপির ২৯ নেতা-কর্মীকে অভিযুক্ত করে একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৯৪৪ ঘ.
bdnews24