২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে 'হিডেন হাঙ্গার' চলছে: খাদ্য উপদেষ্টা

চলমান খাদ্য সংকটকে 'নীরব দুর্ভিক্ষ' নয় বরং 'হিডেন হাঙ্গার' পরিস্থিতি বলে ব্যাখ্যা করেছেন খাদ্য উপদেষ্টা ড.এ এম এম শওকত আলী। তিনি বলেছেন, "নীরব দুর্ভিক্ষ নয়, দেশে 'হিডেন হাঙ্গার' চলছে। দুর্ভিক্ষের সংজ্ঞা ভিন্নতর। না খেয়ে ব্যাপকভাবে মানুষ মারা গেলে তাকে দুর্ভিক্ষ বলে। সে ধরনের অবস্থা এখনও দেশে হয় নি। এধরনের হিডেন হাঙ্গার দেশে আগেও ছিল। তবে এখন তীব্রতা বেড়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 07:46 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- চলমান খাদ্য সংকটকে 'নীরব দুর্ভিক্ষ' নয় বরং 'হিডেন হাঙ্গার' পরিস্থিতি বলে ব্যাখ্যা করেছেন খাদ্য উপদেষ্টা ড.এ এম এম শওকত আলী। তিনি বলেছেন, "নীরব দুর্ভিক্ষ নয়, দেশে 'হিডেন হাঙ্গার' চলছে। দুর্ভিক্ষের সংজ্ঞা ভিন্নতর। না খেয়ে ব্যাপকভাবে মানুষ মারা গেলে তাকে দুর্ভিক্ষ বলে। সে ধরনের অবস্থা এখনও দেশে হয় নি। এধরনের হিডেন হাঙ্গার দেশে আগেও ছিল। তবে এখন তীব্রতা বেড়েছে।" বৃহস্পতিবার সকালে সচিবালয়ের খাদ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে দেশের খাদ্য পরিস্থিতি এবং নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থান ও আয় বৃদ্ধি এবং ওএমএসসহ বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন। উপদেষ্টা বলেন, "আন্তজার্তিক বাজারে মূল্য বৃদ্ধিতে দেশে খাদ্যশস্যের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে সরকার ওএমএস এবং ভিজিএফ কার্ডের সংখ্যা বাড়িয়েছে। গত ১ এপ্রিল থেকে সারাদেশে ট্রাকে করে ওএমএস সামগ্রীর বিক্রির পরিমাণ বাড়ানো হয়েছে। গত ১ এপ্রিল সারাদেশে ৪৮টি ট্রাকে ১৩৭ মেট্রিকটন খাদ্য সামগ্রী বিক্রি করেছে। এর মধ্যে ঢাকা শহরে ট্রাকের সংখ্যা ছিল ১৫টি।" তিনি জানান, বৃহস্পতিবার দেশের অন্যান্য এলাকায় ট্রাকের সংখ্যা ঠিক রেখে ঢাকা শহরে ট্রাকের সংখ্যা বাড়িয়ে ৪০টি করা হয়েছে। উপদেষ্টা জানান, গত অর্থ বছরের জুন মাস পর্যন্ত খাদ্য নিরাপত্তা বেষ্টনীর আওতায় সারা দেশে দুই লক্ষ ৩০ হাজার ৩২৮ মেট্রিকটন চাল ভিজিএফ কার্ডের মাধ্যমে বিতরণ করেো হছ। এ বছর জুন মাস পর্যন্ত ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণের পরিমাণ বাড়িয়ে তিন লক্ষ ৯১ হাজার ২২৮ মেট্রিক টন করা হয়েছে, যা গত বছরের তুলনায় এক লক্ষ ৬০ হাজার মেট্রিক টনেরও বেশি। তিনি জানান, গত বছর গ্র্যান্ট রিলিফের (জিআর) মাধ্যমে ৩১ হাজার ৭শ চার মেট্রিক টন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে যা চলতি অর্থ বছরের মার্চ মাস পর্যন্ত ৪৪ হাজার ৫৬৩ মেট্রিক টনে বাড়ানো হয়েছে। আগামী জুন মাস পর্যন্ত আরও ১৯ হাজার মেট্রিকটন চাল জিআর (খয়রাতি সাহায্য) সামগ্রী হিসেবে বিতরণ করা হবে। উপদেষ্টা আরও জানান, গত অর্থ বছরে ভালনারেবল গ্র"প ডেভেলপমেন্টের (ভিজিডি) মাধ্যমে এক লক্ষ ৬২ হাজার ১৮৩ মেট্রিকটন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে যা এ বছর দুই লক্ষ ২০ হাজার ৫৩৩ মেট্রিক টনে উন্নীত করা হয়েছে। 'কাজের বিনিময়ে খাদ্য' কর্মসূচির অধীনে গত বছর ৩৪ হাজার ৪১ মেট্রিক টন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছিল, এ বছর মার্চ পর্যন্ত এক লক্ষ ৪৬ হাজার ৫৪ মেট্রিক টন বিতরণ করা হয়েছে। জুন মাস পর্যন্ত আরও ২৫৬ হাজার মেট্রিক টন খাদ্যসামগ্রী বিতরণের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশে খাদ্য চাহিদা মেটানো, বাজার নিয়ন্ত্রণ এবং ভারত থেকে চাল আমদানি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পশ্চিমবঙ্গের চাল ব্যবসায়ীদের কাছ থেকে এক লক্ষ টন চাল আমদানীর চুক্তি অনুযায়ী এখন দেশে চাল আসতে শুরু করেছে। ইতিমধ্যেই ৪ হাজার ৫শ' মেট্রিক টন চাল বাংলাদেশের গুদামে এসে পৌঁছেছে। তিনি জানান, ২০ হাজার ৫শ' মেট্রিক টন চাল নিয়ে একটি জাহাজ আগামী ৭ এপ্রিল দেশে এসে পৌঁছাবে। সড়কপথে চাল নিয়ে ৭০টি ট্রাক বাংলাদেশের বেনাপোল ও হিলি সীমান্ত এলাকায় পৌঁছেছে যা আগামী শনিবার বাংলাদেশে পৌঁছবে। প্রতিটি ২ হাজার ৪০০ মেট্রিকটন চাল নিয়ে পাঁচটি রেল ইউনিট বাংলাদেশে আসার অপেক্ষায় রয়েছে। চলতি এপ্রিল মাসের মধ্যেই পুরো এক লক্ষ টন চাল বাংলাদেশে এসে পৌঁছাবে। উপদেষ্টা আরও জানান, ভারতের চারটি রাষ্ট্রীয় চাল রপ্তানি কারক প্রতিষ্ঠানের সঙ্গে বৃহস্পতিবার নয়া দিল্লীতে আরও চার লক্ষ টন চাল আমদানির বিষয়ে চুক্তি স্বাক্ষর হবে। নয়াদিল্লীতে নিযুক্ত বাংলাদেশের বাণিজ্যিক কাউন্সিলর এই চুক্তি স্বাক্ষর করবেন। চুক্তি স্বাক্ষরের পর ঋণপত্র (এলসি) খোলার ৬০ দিনের মধ্যে ওই চাল দেশে এসে পৌঁছবে। এর বাইরেও একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ৩৯৭ ডলার প্রতি মেট্রিকটন দরে ৫০ হাজার মেট্রিকটন চাল আমদানের চুক্তি স্বাক্ষর করা হয়েছে। ইউএসএআইডি বাংলাদেশকে খাদ্য সহায়তা হিসেবে ৯০ হাজার মেট্রিকটন চাল দেওয়ার আশ্বাস দিয়েছে জানিয়ে এম এম শওকত আলী বলেন, বেসরকারি প্রতিষ্ঠান কেয়ারের মাধ্যমে এই চাল বিতরণ করা হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের চার রপ্তানি নিয়ে টানাপোড়েন বাংলাদেশকে চাপে ফেলার জন্য কি না এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "শুধু ভারত নয়, মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়াসহ চাল রপ্তানিকারক সব দেশই একই নীতি অনুসরণ করছে। চাল রপ্তানির পর যেন নিজ দেশে দাম বেড়ে না যায় সেদিকে খেয়াল রেখেই তারা চাল রপ্তানি করছে।" আসন্ন বোরো মৌসুমে দেশের অভ্যন্তরীণ বাজার থেকে চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা প্রসঙ্গে উপদেষ্টা শওকত আলী জানান, আসন্ন বোরো মৌসুমে ১০ লক্ষ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে চালের মূল্য নির্ধারণ করা হয়নি। বর্তমানে এটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।" দেশের দরিদ্র মানুষের অবস্থার উন্নতিতে সরকারের উদ্যোগ সম্পর্কে উপদেষ্টা জানান, দরিদ্র মানুষের কর্ম ও আয় বৃদ্ধিতে সরকার নগদ একশ' কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই টাকা ইতোমধ্যেই জেলা প্রশাসকদের কাছে পৌঁছে গিয়েছে। সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত খাদ্য সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান সহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/আরএ/এমএ/১৩৪০ঘ.