২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চালের দাম আবার বেড়েছে

চারদিনের ব্যবধানে চট্টগ্রামের পাইকারী ও খুচরা বাজারে চালের দাম আবার বেড়েছে। আতপ ও সিদ্ধ চালের দাম প্রতি দুই মণের বস্তায় ৩০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। খুচরা বাজারে বিভিন্ন মানের চালের দাম বেড়েছে দুই টাকা পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 03:14 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

চট্টগ্রাম, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদিনের ব্যবধানে চট্টগ্রামের পাইকারী ও খুচরা বাজারে চালের দাম আবার বেড়েছে। আতপ ও সিদ্ধ চালের দাম প্রতি দুই মণের বস্তায় ৩০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। খুচরা বাজারে বিভিন্ন মানের চালের দাম বেড়েছে দুই টাকা পর্যন্ত। চট্টগ্রামের বাইরের আমদানিকারক ও পাইকারদের স্থানীয় বাজার থেকে অধিক পরিমাণে চাল সংগ্রহ, ভারতের চাল রপ্তানি বন্ধের ঘোষণা এবং বার্মা থেকে চাল আমদানি কমে যাওয়ার কারণে দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। আগামী কয়েকদিনে দাম আরও বাড়বে বলে আশংকা প্রকাশ করেছেন তারা। প্রতিদিন লাইনে দাঁড়িয়ে নিম্ন আয়ের লোকজন খাদ্য অধিদপ্তরের নির্ধারিত ডিলারদের দোকান ও ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রি করা চাল পাচ্ছেন না। ডিলারদের দোকানগুলোতে প্রতিদিনের বরাদ্দের চাল দুপুরের আগেই শেষ হয়ে যাচ্ছে। নগরীর বিভিন্ন ওয়ার্ডে খাদ্য অধিদপ্তর নির্ধারিত ১০৭ জন ডিলার এবং চারটি ভ্রাম্যমাণ ট্রাকে করে মোটা চাল ২৫ টাকা কেজি দরে বিক্রি করছে। এর বাইরে বিডিআর সদস্যরা বিভিন্ন পয়েন্টে সরকার নির্ধারিত দামে চাল বিক্রি করছে। চট্টগ্রামে চালের সবচেয়ে বড় ব্যবসা কেন্দ্র চাক্তাই ঘুরে দেখা গেছে, সবচেয়ে বেশি ব্যবহৃত বার্মা বেতি প্রতি দুই মণের বস্তায় (৭৪ কেজি) চারদিনের ব্যবধানে ৩০ টাকা বেড়ে ১৯৭০ টাকা, ভারতীয় বেতি ৫০ টাকা বেড়ে ২৩০০ টাকা, মিনিকেট আতপ ৪০ টাকা বেড়ে ২৬০০ টাকা, মিনিকেট সিদ্ধ ২৯০০ টাকা, পারি সিদ্ধ ৫০ টাকা বেড়ে ২৫০০ টাকা, নাজিরশাইল ৫০ টাকা বেড়ে ২৯০০ টাকা, জিরা সিদ্ধ ২০ টাকা বেড়ে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে। চাক্তাইয়ের আড়তদার মেসার্স এম হোসেন অ্যান্ড ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভিন্ন চালের দাম বেড়েছে ঠিক, তবে যে সকল ছোট পাইকার বা খুচরা দোকানদার নগদে চাল সংগ্রহ করছেন তাদের জন্য দাম তুলনামূলক কম। এছাড়া, চাক্তাই থেকে অধিকাংশ ক্রেতাই বাকিতে চাল সংগ্রহ করেন। নগদ ও বাকিতে প্রতি দুই মণের বস্তায় ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত পার্থক্য থাকে।" চাক্তাই ধান চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারতের চাল রপ্তানি বন্ধের ঘোষণা এবং বার্মা থেকে চাল আসা কমে যাওয়া এ দাম বৃদ্ধির কারণ।" তিনি আরও বলেন, "সোমবার চট্টগ্রামের স্থানীয় বাজার থেকে চট্টগ্রামের বাইরের কয়েকজন আমদানিকারক ও পাইকার বিপুল পরিমাণ চাল ক্রয়ের কারণে পুনরায় পাইকারী বাজারে দাম বেড়েছে। এছাড়া মাসের শুরুতে চালের বাজার এমনি চাঙ্গা থাকে বলে তিনি উল্লেখ করেন।" চট্টগ্রামের খুচরা বাজারে ভারতীয় বেতি ৩৪ টাকা, মিনিকেট আতপ ৩৭ টাকা, মিনিকেট সিদ্ধ ৪১ টাকা, পাইজাম ৪৩ টাকা, ভারতীয় বালাম সিদ্ধ ৩৪ টাকা, পারি সিদ্ধ ৩৫ টাকা, ভারতীয় স্বর্ণা ৩৫ টাকা, বার্মা বেতি ৩১ টাকা এবং জিরা সিদ্ধ বিক্রি হচ্ছে ৪৩ টাকায়। মোমিন রোডের খুচরা চাল বিক্রেতা মোহাম্মদ শরীফ বলেন, "পূর্বের দাম বৃদ্ধির প্রভাবেই খুচরা বাজারে বিভিন্ন প্রকারের চালের দাম কেজিতে ১ থেকে দুই টাকা পর্যন্ত বেড়েছে। দাম আবারও বাড়তে পারে।" এর আগে গত রোববার চালের দাম একবার বেড়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এমএ/২০৫৬ ঘ.