ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইপিজেড শ্রমিক সংঘ ও শিল্প সম্পর্কিত আইন ২০০৪ এর কিছু ধারা সংস্কার, সংযোজন ও সংশোধনী সংক্রান্ত আইন নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই আইন চূড়ান্ত অনুমোদন পেলে এর শ্রমিকরা তাদের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের বাইরের কোনো সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না।
এ ছাড়া শ্রমিকদের ধর্মঘট না করতে পারার সময়সীমা ২০০৮ থেকে বাড়িয়ে ২০১০ পর্যন্ত করা হচ্ছে। সালিশ মানার বিধানও দুবছর বাড়িয়ে ২০১০ এর অক্টোবর পর্যন্ত করা হচ্ছে।
বুধবার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে একই সঙ্গে 'বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি অ্যাক্ট ১৯৮০' সংশোধনের প্রস্তাবও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব সৈয়দ ফাহিম মুনেম বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি জানান, নতুন সংশোধনীতে শ্রমিকদের ইপিজেড এর বাইরের কোনো সংগঠনের সঙ্গে সম্পর্ক না রাখার বিধান যুক্ত করা হচ্ছে। ইপিজেড এর মধ্যে শ্রমিকরা ২০১০ সাল পর্যন্ত কোনো ধর্মঘট করতে পারবে না। সালিশ মানার মেয়াদ ২০১০ সালের ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধির প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
প্রেসসচিব জানান বিদ্যমান আইন অনুযায়ী ইপিজেড শ্রমিকরা সংগঠন করতে পারলেও কোনো রাজনৈতিক দল বা দলের অঙ্গ সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখতে পারে না। এর সঙ্গে যুক্ত হচ্ছে অঞ্চলের বাইরে অন্য সংগঠনের সঙ্গে সম্পর্ক না রাখার বিধান।
বুধবারের বৈঠকে 'রিয়াল এস্টেট ডেভেলপমেন্ট অধ্যাদেশ ২০০৮' প্রণয়নের ব্যাপারেও উপদেষ্টা পরিষদ একমত হয়েছেন। তবে আইনটি চূড়ান্ত করার আগে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত হয় বলে ফাহিম মুনেম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এমএআর/এমএইচবি/২০২২ ঘ.
bdnews24