২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের পিআইও শাখার ওয়েবসাইট উদ্বোধন

আগের অবস্থা পরিবর্তন করে পুলিশকে জবাবদিহিতা ও দায়বদ্ধতার মধ্যে আনার চলমান কার্যক্রমে সবার সহযোগিতা চাইলেন মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 02:26 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগের অবস্থা পরিবর্তন করে পুলিশকে জবাবদিহিতা ও দায়বদ্ধতার মধ্যে আনার চলমান কার্যক্রমে সবার সহযোগিতা চাইলেন মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ। বুধবার পুলিশ সদর দপ্তরে পুলিশ ইন্টারনাল ওভারসাইট (পিআইও) নামে একটি শাখার ওয়েবসাইট িি(www.pio.gov.bd) এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গত বছর মে মাসে পুলিশের নতুন এই শাখার কার্যক্রম শুরু হয়। আইজিপি বলেন, "আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। সবাই মিলে পুলিশকে ভালো করার কাজে এগিয়ে আসতে হবে। তবেই তাদের কাছে ভালো কিছু আশা করা যাবে। তা না হলে আমরা কখনোই পুলিশের কাছে উপযুক্ত সেবা আশা করতে পারি না।" নূর মোহাম্মদ বলেন, "ওয়েব সাইটটির মাধ্যমে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ও পরামর্শ দেওয়ার সুযোগ রয়েছে। যারা এতদিন মুখে মুখে পুলিশকে ভাল হওয়ার পরামর্শ দিয়ে এসেছেন তারা এখন ওয়েব সাইটের মাধ্যমে সেটা করতে পারবেন।" তিনি আরো জানান, ওয়েব সাইটে কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমনকি পুলিশের ব্যাপারে অন্য যে কোনো তথ্য পাওয়া গেলে সে ব্যপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পিআইও সম্পর্কে আইজিপি জানান, জবাবদিহিতা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে আগের অবস্থান থেকে সরিয়ে এনে সবার কাছে গ্রহণযোগ্য করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নূর মোহাম্মদ বলেন, "পিআইও শাখাটি পুলিশের নির্ধারিত বাজেটের মাঝ থেকেই করা হয়েছে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাহায্য পাওয়া যায়নি। আশা করা হচ্ছে সরকার এ ব্যাপারে সহযোগিতা করবে।" অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরা ও উপমহা পুলিশ পরিদর্শক বেনজির আহমেদ। একজন উপ মহা পুলিশ পরিদর্শকের নেতৃত্বে পিআইও শাখাটি পরিচালিত হয়। সৎ পুলিশ সদস্য চিহ্নিত করা, অসৎ কর্মীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া, সেবার মাধ্যমে জনগণের কাছাকাছি যাওয়া, প্রত্যেক পুলিশ সদস্যের ব্যক্তিগত নথি সংরক্ষণসহ বিভিন্ন লক্ষ্যে পিআইও গঠন করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি জানান, গত এক বছরে কনস্টেবল থেকে পুলিশ সুপার পর্যন্ত ১৫ হাজার ৪৯৫ জনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিএইচ/এমএ/২০১৫ঘ.