ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনের স্বার্থে পাকিস্তানিদের আগে বাংলাদেশী যুদ্ধাপরাধীদের বিচার জরুরি বলে মনে করে একাত্তরেরর ঘাতক দালাল নির্মূল কমিটি।
বুধবার সংগঠনের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, "গত এক এপ্রিল পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে এক বৈঠকে দেশের মানবাধিকার পরিস্থিতির সার্বিক উন্নয়নের পূর্বশর্ত হিসেবে যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলেছেন। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার যুদ্ধাপরাধীদের বিচারে জাতিসংঘের সহযোগিতা চাইতে পারে।"
বিবৃতিতে বলা হয়, "যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টার আগ্রহ এবং এই গণদাবি জাতিসংঘের মহাসচিবকে জানানোর জন্য তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি এ বিষয়ে জাতিসংঘ তখনই সম্পৃক্ত হতে পারে যখন আমাদের সরকার বিশেষ ট্রাইবুনাল গঠন করে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম আরম্ভ করবে।"
বিবৃতিতে দাবি করা হয়, "জাতিসংঘের সম্পৃক্তি বিশেষভাবে প্রয়োজন হবে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে। এই মুহূর্তে আমরা আসন্ন সংসদ নির্বাচনের স্বার্থে পাকিস্তানিদের আগে বাংলাদেশী যুদ্ধাপরাধীদের বিচার অধিকতর জরুরি বলে মনে করছি। কারণ আমরা চাই না কোনো যুদ্ধাপরাধী আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক।"
বিবৃতিতে স্বাক্ষর করেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি অধ্যাপক কবীর চৌধুরী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির এবং সাধারণ সম্পাদক কাজী মুকুল।
বিবৃতিতে আরো বলা হয়, "বাংলাদেশী যুদ্ধাপরাধীদের বিচারের সময় জাতিসংঘ বিশেষ ট্রাইবুনালে পর্যবেক্ষক পাঠাতে পারে এবং তথ্য প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে কারিগরি ও বিশেষজ্ঞ সহযোগিতা দিতে পারে। ট্রাইবুনাল গঠনের আগে জাতিসংঘের করণীয় কিছু আছে বলে আমরা মনে করি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমএ/২০০০ঘ.
bdnews24