সাভার, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ অধিদপ্তরের অভিযানে বুধবার সাভারের দুটি কারখানায় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হলে কারখানা দুটির শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ এবং কয়েকটি গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নিয়ামত উল্লাহ ভুঁইয়ার নেতৃত্বে একটি দল সকালে সাভারের বিভিন্ন কারখানায় অভিযান চালায়। ওই সময় সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা রাব্বি মিয়াসহ সাংবাদিকরাও দলের সঙ্গে ছিলেন।
সকাল ১১টার দিকে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং কারখানায় অভিযান চালান। সেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কার্যকারিতা না থাকায় ওই ফ্যাক্টরির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
এরপর একই অভিযোগে দুপুর ১টার দিকে গেণ্ডা বাসস্ট্যান্ডের কাছে আনলিমা ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগও কেটে দেওয়া হয়।
গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় সময় আনলিমা কারখানার পরিচালক মাহমুদুল হক ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বলেন, "বাংলাদেশে অনেক ফ্যাক্টরিতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নেই। তারপরও শুধু এখানেই অভিযান চালানো হচ্ছে। আর আমাদের কারখানায় প্ল্যান্ট আছে।"
এরপর কারখানার প্রায় ৭/৮শ শ্রমিক গ্যাস ও বিদ্যুৎ সংযোগের দাবিতে গেণ্ডা বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। এতে বাংলাদেশের অন্যতম ব্যস্ত ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাব্বি মিয়া কারখানার মালিককে বুঝিয়ে শ্রমিকদের ভিতরে নিয়ে যেতে বলেন। আলোচনার পর কারখানাটিতে পুনরায় গ্যাস ও বিদ্যুৎ দেওয়া হলে শ্রমিকরা রাস্তা ছাড়ে। তখন দুপুর দেড়টার দিকে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
এদিকে আনলিমা কারখানার সামনে সড়ক অবরোধের খবর পেয়ে পাকিজা কারখানার শ্রমিকরাও পৌনে ২টার ২টার কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। ওই সময় ৭/৮টি যাত্রীবাহী বাসও ভাঙচুর করে তারা।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
পাকিজা কারখানায় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ দেওয়ায় বিষয়ে মালিক পক্ষ এবং অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৬১০ ঘ.
bdnews24