২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্র এমাসেই

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্র এমাসেই দেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পাশাপাশি মামলা তদন্তে যেসব পুলিশ কর্মকর্তার গাফিলতি ছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সিআইডি প্রধান অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক জাভেদ পাটোয়ারি বুধবার পুলিশ সদরদপ্তরে সাংবাদিকদের বলেন, "আলোচিত এ মামলার তদন্ত কাজ প্রায় শেষ। এমাসেই আমরা অভিযোগপত্র দিতে পারবো।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 08:00 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্র এমাসেই দেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পাশাপাশি মামলা তদন্তে যেসব পুলিশ কর্মকর্তার গাফিলতি ছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সিআইডি প্রধান অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক জাভেদ পাটোয়ারি বুধবার পুলিশ সদরদপ্তরে সাংবাদিকদের বলেন, "আলোচিত এ মামলার তদন্ত কাজ প্রায় শেষ। এমাসেই আমরা অভিযোগপত্র দিতে পারবো।" এ সময় সেখানে উপস্থিত পুলিশের মহা পরিদর্শক নূর মোহাম্মদ মামলার তদন্তে গাফিলতির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। তিনি বলেন, "গ্রেনেড হামলা মামলা তদন্তে ইতোপূর্বে যেসব পুলিশ কর্মকর্তার গাফিলতি ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে।" ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় ওই গ্রেনেড হামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ অন্তত ২২জন নিহত হন। গ্রেনেড হামলার পর শুরু থেকেই সিআইডি মামলাটি তদন্ত করছে। অভিযোগ রয়েছে, সেসময়ের দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা পুলিশ সুপার রুহুল আমিন প্রলোভন দেখিয়ে জজমিয়া নামক এক যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে। জবানবন্দিতে জজ মিয়া জানিয়েছিল, তানভিরুল ইসলাম জয়সহ রাজধানীর কয়েকজন শীর্ষ সন্ত্রাসী এ হামলা চালায়। পরে হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নান গ্রেপ্তার হলে ওই হামলার সঙ্গে তার জড়িত থাকার কথা স্বীকার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এফএফ/এএল/এমএ/১৩৫৫ ঘ.