ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার ক্রয় ও পরামর্শক নিয়োগ সংক্রান্ত আর্থিক ক্ষমতা দ্বিগুণ করা হয়েছে।
এর ফলে মন্ত্রণালয়গুলো এখন থেকে ২৫ কোটির পরিবর্তে ৫০ কোটির টাকা ব্যয় এবং পরামর্শক নিয়োগের ক্ষেত্রে ১০ কোটি টাকা পর্যন্ত ব্যয় নিজেরাই অনুমোদন দিতে পারবে।
মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে সভা শেষে কমিটির সভাপতি অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের জানান।
তিনি বলেন, "১৯৯৪ সালে গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী সরকারি দপ্তরগুলোর ক্রয়ক্ষমতা ২৫ কোটি টাকা পর্যন্ত নির্ধারিত ছিল। কিন্তু বর্তমানে প্রতিটি জিনিসের দাম বেড়েছে। ফলে ওই টাকায় কাজের অর্ধেকও করতে পারছে না দপ্তরগুলো। তাই এদের ক্রয় ক্ষমতা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
সভায় উপজেলা গ্রোথ সেন্টারের অধীনে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জগুলোর সঙ্গে জেলার সংযোগ স্থাপনে যন্ত্রপাতি কেনারও অনুমোদন দেয়া হয়েছে। তবে এক্ষেত্রে আগে কখনও কেনা হয়নি- এমন যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে পাশের দেশগুলো থেকে মূল্য যাচাই করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়।
অর্থ উপদেষ্টা আরও জানান, সভায় বাংলাদেশ রেলওয়ের জন্য ৫০ হাজার স্লিপার কেনার অনুমোদন এবং সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরের প্রয়োজনে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট স্থাপনে আগে দেওয়া দরপত্র বাতিল করে পুনরায় দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও সভায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অধীনে জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের জন্য পরামর্শক নিয়োগের অনুমোদনও দেওয়া হয়।
অর্থ উপদেষ্টার সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির ওই সভায় স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, আইন উপদেষ্টা এএফ হাসান আরিফ, যোগাযোগ উপদেষ্টা গোলাম মোহাম্মদ কাদের, শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল মালেক, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আলী ইমাম মজুমদারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭১৫ ঘ.
bdnews24