ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর জিগাতলায় মঙ্গলবার ভোররাতে র্যাবের 'এনকাউন্টারে' তাজ মোহাম্মাদ ওরফে পনির (৩২) নামে একজন নিহত হয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে র্যাবের এক সদস্য।
র্যাব দাবি করেছে, পনির শীর্ষ স্থানীয় সন্ত্রাসী ইমনের সহযোগী। তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
র্যাব- ২ এর মেজর মো. এহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ত্রাসীরা একটি গোপন বৈঠকে বসতে যাচ্ছে- এমন খবরে র্যাব সদস্যরা মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে জিগাতলা নতুন রাস্তা মোড়ে 'খান মঞ্জিল' এর উল্টোদিকে ওত পেতে থাকে। একপর্যায়ে একটি চলন্ত মাইক্রোবাস থেকে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা গাড়িটি ফেলে পালিয়ে যায়।
মেজর এহসান বলেন, পরিত্যাক্ত মাইক্রোবাসের পেছনের সিট থেকে গুলিবিদ্ধ পনিরের মৃতদেহ উদ্ধার করা হয়। তার কাছে একটি অবৈধ পিস্তল ছিল। গোলাগুলির সময় র্যাব- ২ এর সদস্য জিয়াউর রহমানের ডান হাতে গুলি লাগে।
পনিরের বিরুদ্ধে নগরীর একাধিক থানায় হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে মামলা রয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/বিআর/এসএনডি/১৬২৩ ঘ.
bdnews24