২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি যাওয়া ৪১১টি রেল ক্লিপ উদ্ধার

রাজধানীর বনানী এলাকায় রেললাইন থেকে চুরি যাওয়া সাড়ে তিন হাজার ক্লিপের ৪১১টি সোমবার বনানী ও টঙ্গী থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে। এ নিয়ে চুরির ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করা হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2008, 07:13 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানী এলাকায় রেললাইন থেকে চুরি যাওয়া সাড়ে তিন হাজার ক্লিপের ৪১১টি সোমবার বনানী ও টঙ্গী থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে। এ নিয়ে চুরির ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে বনানীর ১৮ নম্বর সড়কের ঝিলের কাছ থেকে দুপুরে তিনটি বস্তায় ভর্তি ১৬০টি রেল ক্লিপ উদ্ধার করে রেল পুলিশ। ক্লিপ চুরির ঘটনায় এদিন আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গ্রেপ্তারকৃত ছয় জনের দেওয়া তথ্যের ভিত্তিতে এ সব ক্লিপ উদ্ধার করা হয়। জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছয় চোরের দেওয়া তথ্যের ভিত্ততে সোমবার রাজধানীর তেজগাঁ, বনানী ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- আবু সাঈদ সেলিম ওরফে কোবরা, তানভির রহমান, আখতার হোসেন, কবির হোসেন, রিপন চন্দ্র কর্মকার, মনোয়ার হোসেন, কাজল ও খলিল। মাহাবুবুর রহমান জানান, সাড়ে ৩ হাজার ক্লিপের মধ্যে মিরপুর ১১ নম্বরের একটি দোকানে ৭ বস্তা ও বনানীর একটি দোকানে ৪ বস্তা ক্লিপ বিক্রি করা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে গ্রেপ্তারকৃতরা। আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, সোমবার বিকেলে টঙ্গীর আনারকলি সড়জের ভাংগারি পট্টি থেকে ২৫১টি রেল ক্লিপ উদ্ধার করেছে র‌্যাব। চোরাই রেল ক্লিপ ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে সোহেল (৩০) ও বাদশা (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বাদশার বাবা শিকদার পালিয়ে যায়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-১ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব সদস্যরা শিকদারের দোকানে ক্লিপগুলো ওজন করার সময় হাতে নাতে আটক করে। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, চোরাই রেল ক্লিপ উদ্ধারের খবর জেনেছেন। কিন্তু উদ্ধারে থানা পুলিশ জড়িত ছিল না। গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় বনানী থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত এক কিলোমিটার রেললাইনের স্লিপার থেকে সাড়ে তিন হাজার ক্লিপ খুলে নিয়ে যায় চোরেরা। এ কারণে ওই লাইনে শুক্রবার সকাল থেকে প্রায় ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এ ব্যাপারে শুক্রবার রাজধানীর জিআরপি থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/জেকে/এমএইচবি/কিউএইচ/এমএসবি/১৬০৬ ঘ.