মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম টেলিকমস করসপনডেন্ট
ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বোচ্চ ৪৫ ভাগ বিদেশি বিনিয়োগের সুযোগ রেখে কল সেন্টারের লাইসেন্স দেওয়ার নীতিমালা চূড়ান্ত করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি সপ্তাহেই কল সেন্টারের লাইসেন্সের জন্য প্রস্তাব আহ্বান করা হবে। দেশের টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো কল সেন্টার স্থাপনের আবেদন করতে পারবে।
সোমবার বিটিআরসি ওয়েবসাইটে নীতিমালাটি প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, কল সেন্টার, হোস্টেড কল সেন্টার ও হোস্টেড কল সেন্টার সার্ভিস প্রোভাইডার- এই তিন শ্রেণীতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কল সেন্টার স্থাপনের জন্য লাইসেন্স দেয়া হবে।
নীতিমালা অনুযায়ী, কল সেন্টার স্থাপনে সর্বোচ্চ ৪৫ ভাগ বিদেশি বিনিয়োগ নেওয়া যাবে। আর অনাবাসী বাংলাদেশীরা বিনিয়োগ করতে পারবে সর্বোচ্চ ৭০ ভাগ। ক্যাপটিভ ইন্টারন্যাশনাল কল সেন্টারের ক্ষেত্রে বাংলাদেশের বিদ্যমান আইন অনুসারে বিদেশিরা সরাসরি ১০০ ভাগ বিনিয়োগ করতে পারবে। বিদেশিদের বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ থেকে কোনও পুঁজি সংগ্রহ করা যাবে না।
দেশের বিভিন্ন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান কল সেন্টার স্থাপন করতে পারবে। তবে এজন্য তাদের মূল কার্যালয়ের বাইরে আলাদাভাবে কল সেন্টার কার্যালয় স্থাপন করতে হবে।
নীতিমালায় বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রামে কল সেন্টার স্থাপন করা হলে তিন বছরের জন্য 'রেভিনিউ শেয়ারিং হলিডে' (আয়ের অংশীদারিত্ব ছাড়) দেওয়া হবে। অন্যান্য এলাকার ক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো পাঁচ বছরের জন্য এ সুবিধা পাবে। আর এই মেয়াদ শেষে বিটিআরসি কল সেন্টারগুলোর শূন্য দশমিক ৫ ভাগ শেয়ার ভোগ করবে।
কল সেন্টারগুলো প্রথম বছর প্রয়োজন অনুসারে বিদেশি জনবল নিয়োগ দিতে পারবে। এক বছর পর বিদেশি কর্মীর সংখ্যা হতে পারবে মোট জনবলের সর্বোচ্চ ১০ ভাগ।
প্রতিটি শ্রেণীর কল সেন্টারের জন্য পাঁচ হাজার টাকা লাইসেন্স ফি দিতে হবে। পাঁচ বছর পর লাইসেন্স নবায়ন করতে হবে। তবে এ জন্য কোনো ফি দিতে হবে না।
কল সেন্টারগুলো গ্রাহকদের 'কল' গ্রহণ ছাড়াও 'ডাটা ও ইনফরমেশন প্রসেসিং'সহ বিভিন্ন সেবা দেবে। এর মধ্যে রয়েছে বিক্রি ও বিপণন, প্রশাসনিক সহায়তা (যেমন তথ্য সংরক্ষণ), অর্থ ও হিসাবরক্ষণ, মানবসম্পদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ, আইনগত সহায়তা, মেডিকেল ট্রান্সক্রিপশন ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/২২২৫ ঘ.
bdnews24