চট্টগ্রাম, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর অলংকার মোড়ে রোববার রাতে ছিনতাই করা টাকা ও মোবাইল ফোন সেটসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- জুয়েল, মো. রুবেল (২০), মো. হেলাল (২৬) ও সুমন (২১)।
জিজ্ঞাসাবাদের পর সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পাহাড়তলী থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, রোববার রাতে অলংকার মোড়ে বাস স্ট্যান্ডের কাছে জুয়েল রানা নামে এক সেনা সদস্যের কাছ থেকে চার ছিনতাইকারী অস্ত্রের মুখে ১৬ হাজার টাকা, মোবাইল ফোন সেট ও ঘড়ি ছিনিয়ে নেয়। জুয়েল রানা এ সময় জুয়েল নামে এক ছিনতাইকারীকে ধরে ফেলেন এবং তাকে পাহাড়তলী পুলিশে সোপর্দ করেন।
সাইফুল ইসলাম আরও জানান, আটককৃত জুয়েলের দেওয়া তথ্য অনুসারে অভিযান চালিয়ে পুলিশ তার তিন সহযোগীকে ছিনতাইয়ের টাকা ও মালামালসহ অলংকার মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএসবি/২০৫৪ ঘ.
bdnews24