চট্টগ্রাম, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে সোমবার চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের (জিপিও) সহকারী পোস্ট মাস্টারসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকৃতরা হলেন- সহকারী পোস্ট মাস্টার তৌহিদুর রহমান, অপারেটর সিরাজুল হক মজুমদার ও বিধান চৌধুরী।
চট্টগ্রাম জিপিও'র পোস্ট মাস্টার (সঞ্চয়) মো. আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টাকা আত্মসাতের সঙ্গে জড়িত থাকার বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের বরখাস্ত করা হয়। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
তিনি জানান, এ ঘটনা তদন্তে তার নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং কাগজপত্র জব্দ করা হয়েছে।
জিপিও ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাউজানের গশ্চি পাড়ার দুবাই প্রবাসী মোকাররম আলী ও তার ছেলে শওকত আলী যৌথ নামে ২০০৪ সালে জিপিও'র সঞ্চয় ব্যাংকে ১১ লাখ টাকার তিন বছর মেয়াদে স্থায়ী আমানত (এফডিআর) করেন। গত ২৭ মার্চ তার মেয়াদপূর্ণ হয়ে টাকার পরিমাণ দাঁড়ায় সাড়ে ১৪ লাখ।
রোববার মোকাররম আলী ও তার স্ত্রী টাকা তোলার জন্য সঞ্চয় শাখার ক্যাশিয়ারের কাছে সঞ্চয়ী বই জমা দেন। কিন্তু দিনের বিভিন্ন সময় ব্যাংকের কর্মকর্তারা তাদের হয়রানি করেন। এক পর্যায়ে তাদের আটকে রাখে। পরে মোকাররম আলী মোবাইল ফোনে তার আত্মীয় স্বজনকে বিষয়টি জানালে তারা কোতয়ালি থানার পুলিশের সাহায্যে উদ্ধার করে।
সোমবার কোতয়ালি থানার দায়িত্বরত উপ-পরিদর্শক শিল্পী রানী জানান, এ ঘটনায় মামলা হয়নি। বিষয়টি জিপিও কর্তৃপক্ষই দেখছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৯৪৩ ঘ.
bdnews24