ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেছেন, সাবেক সাংসদদের ন্যাম ফ্ল্যাট ছাড়তে বলার কোনো এখতিয়ার তার নেই। ১৮৭ জন সাবেক সাংসদ পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট ঘোষণা পর্যন্ত তাদের নামে বরাদ্দ ফ্ল্যাটে থাকার অধিকার রাখেন।
সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি এ কথা বলেন।
এর আগে রোববার রাতে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদকে লেখা এক চিঠিতে তিনি বলেন, সংসদ সচিবালয়ই ন্যাম ফ্ল্যাটগুলোর মালিক; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নয়। সংসদীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সাংসদদের ফ্ল্যাটের বরাদ্দ বাতিলের কোনো সুযোগ নেই।
ন্যাম ফ্ল্যাট নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে চিঠিতে সংসদ সচিবালয়-মন্ত্রণালয়-সাংসদ এই তিন পক্ষের মধ্যে আলোচনা অথবা এ ব্যাপারে আদালতের মতামত নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
চিঠিটি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে পৌঁছায়।
চিঠির বিষয়ে স্পিকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৬ সালের ১১ জুন সংসদীয় কমিটির নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, নবম জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের নামের গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আগের সংসদের বরাদ্দ পাওয়া ১৮৭ জন সাংসদ ফ্ল্যাটে থাকতে পারবেন।"
এ কারণে সাংসদদের বরাদ্দ বাতিলের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
স্পিকারের চিঠিতে বলা হয়, ২০০৩ সালের ৬ জানুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় লিখিতভাবে সংসদ সচিবালয়ের কাছে ফ্ল্যাটগুলো হস্তান্তর করে। ওই বছরের ২৬ সেপ্টেম্বর সংসদীয় কমিটির বৈঠকে ন্যাম ভবনের নাম পাল্টে 'সংসদ সদস্য ভবন' করা হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় ন্যাম ভবন নামে কোনো ভবনের অস্তিত্ব নেই।
চিঠিতে তিনি আরো বলেন, সংবিধান অনুযায়ী, সংসদ সচিবালয় কোনো মন্ত্রণালয় বা বিভাগের অধীনস্ত নয়। ন্যাম ফ্ল্যাট বরাদ্দ ও বাতিলের যাবতীয় ক্ষমতা সংসদীয় কমিটির ওপর ন্যস্ত।
স্পিকার তার চিঠিতে জানান, সাংসদদের বরাদ্দ দেওয়ার পর ন্যাম ভবনের বাকি ১৩৭টি ফ্ল্যাটের বরাদ্দ রয়েছে বিভিন্ন মন্ত্রণালয়, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের নামে। তবে নবম সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে তাদেরও ফ্ল্যাট ছেড়ে দিতে হবে।
ন্যাম ফ্ল্যাটে বসবাসরত সাবেক সাংসদদের বরাদ্দ বাতিলের ক্ষেত্রে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে স্পিকার তার চিঠিতে দুটি প্রস্তাব দিয়েছেন।
তিনি বলেছেন, ন্যাম ফ্ল্যাট নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আইন উপদেষ্টা হাসান আরিফকে 'শালিস হিসেবে স্বীকার করে' সংসদ সচিবালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ন্যাম ফ্ল্যাটে থাকা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত প্রতিনিধিদের নিয়ে আলোচনার মাধ্যমে এর নিষ্পত্তি করা যেতে পারে।
অথবা, রাষ্ট্রপতির মাধ্যমে এ ব্যাপারে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেওয়া যেতে পারে।
গত বছর ২২ জানুয়ারির নির্বাচনের তারিখ বাতিলের পর ন্যাম ফ্ল্যাটে থাকা সাবেক সাংসদদের বরাদ্দ বাতিলের বিষয়টি আলোচনায় আসে।
স
bdnews24