২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের বিরুদ্ধে অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগপত্র দাখিল

অবৈধ উপায়ে প্রায় পৌনে তিন কোটি টাকার সম্পত্তি অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানীর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক মো. তৌফিকুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2008, 10:05 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--অবৈধ উপায়ে প্রায় পৌনে তিন কোটি টাকার সম্পত্তি অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানীর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক মো. তৌফিকুল ইসলাম। ২৭ মার্চ তারেক রহমানের বিরুদ্ধে ২ কোটি ১৬ লাখ ৪৮ হাজার ৮৭ টাকার সম্পত্তির তথ্য গোপনসহ ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকার সম্পত্তি জ্ঞাত আয় বর্হিভূতভাবে অর্জন করার দায়ে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেয় দুদক। তাকে সহযোগিতা করার অভিযোগে স্ত্রী জোবাইদা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধেও অভিযোগপত্র অনুমোদন করে দুদক। এরা তারেকের অবৈধভাবে অর্জিত ৩৫ লাখ টাকা নিজেদের বৈধ আয় দাবি করেছেন বলে প্রমাণ পেয়েছে দুদক। গত বছরের ২৬ সেপ্টেম্বর কাফরুল থানায় দুদকের উপ পরিচালক জহুরুল হুদা মামলাটি করেছিলেন। এতে অভিযোগ করা হয়, আসামিরা কমিশনে দাখিল করা হিসাবের বাইরেও প্রায় চার কোটি ৮২ লাখ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পত্তি অর্জন করেছেন। একই সঙ্গে তারা আরও প্রায় চার কোটি ২৩ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপন করেন। ওই বছরের ১০ জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে তারেক রহমান তার সম্পত্তির হিসাব বিবরণী কমিশনে জমা দেন। তাতে বলা হয়, তারেক রহমানের এক কোটি ৩৭ লাখ ১৫ হাজার টাকার সম্পত্তি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জিএনএ/১৬০০ ঘ.