মানিকগঞ্জ, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওয়া ইউনিয়নের গান্দাইল গ্রামে রোববার রাতে আগুনে পুড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মৃতের নাম নাদু মৃধা (৯০)। তিনি তেওয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাইয়ের বাবা।
তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১১টার দিকে আব্দুল হাইয়ের বাংলো ঘরে আগুন লাগে। নাদু মৃধা ওই ঘরে ঘুমাচ্ছিলেন। আগুন লাগলে সবাই বেরিয়ে এলেও বৃদ্ধ নাদু মিয়া বের হতে পারেননি। স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু তাতে ব্যর্থ হয়ে দমকল বাহিনীকে খবর দেয়।
মানিকগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, আগুনের খবর পেয়ে দমকল বাহিনীর দুটি গাড়ি গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে অগ্নিদগ্ধ নাদু মিয়ার লাশ উদ্ধার করা হয়।
আগুনে বাংলো ঘরটি ছাই হয়ে গেছে বলে দমকল বাহিনী ও স্থানীয়রা জানায়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে দমকল বাহিনী জানিয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩৮ ঘ.
bdnews24