ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই নেত্রীকে বাদ দিয়ে জনগণ কোনো নির্বাচনে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ।
রোববার রাতে মহানগর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় নির্বাচন কমিশন পুনর্গঠনেরও দাবি জানিয়েছেন তিনি।
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে মহানগর বিএনপি এই আলোচনা সভায় আয়োজন করে।
সভায় হান্নান শাহ বলেন, ''দুই নেত্রীকে সরকার মাইনাস করতে পারেনি। তবে তারা দাম বৃদ্ধি করে জনগণের খাদ্য তালিকা থেকে চাল, ডাল, আটা মাইনাস করেছেন।''
খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, ''সাহস থাকলে প্রচলিত আইনেই নেত্রীর বিচার করুন। নেত্রী আইনের মাধ্যমেই বেরিয়ে আসবেন।''
দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ''এই নিরপেক্ষ সরকার আমলেও ইতিহাস বিকৃত করা হচ্ছে। জিয়ার স্বাধীনতার ঘোষণাটি ইতিহাসে রাখা হয়নি। এভাবে সরকার একটি পক্ষ অবলম্বন করে নিরপেক্ষতা হারিয়েছে।''
সাবেক জোট সরকারের জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান ভারতের সঙ্গে সম্পাদিত এয়ার ট্রানজিট চুক্তি বাতিলের দাবি জানান এবং সংসদ থেকে বিশেষ আদালত ও বিশেষ কারাগার উঠিয়ে নেওয়ার ব্যাপারে রাজনীতিবিদদের সোচ্চার হওয়ার আহবান জানান।
মহানগর বিএনপির সহসভাপতি খোকনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, মেহেদি আহমেদ রুমি, নাজিম উদ্দিন আলম, শিরিন সুলতানা, শামসুজ্জামান দুদু, আবদুস সালাম আজাদসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদ এ আলোচনা সভায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/২২৩৮ ঘ.
bdnews24