খুলনা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাইকগাছার কপিলনুনি এলাকা থেকে রোববার অস্ত্র ও গুলিসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- জাহাঙ্গীর আলম (৩০), টুকু সরদার (২৮), আসলাম বিশ্বাস (২৮), রফিকুল ইসলাম মোড়ল (৩০) ও রফিকুল ইসলাম (২৮)। এদের মধ্যে জাহাঙ্গীর আলম হলেন পাইকগাছা উপজেলা ছাত্রলীগ কার্যকরী কমিটির সদস্য।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশেম খান জানান, রোববার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কপিলমুনি এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী টুকু সরদারের বাড়ি থেকে একটি পিস্তল, পাঁচটি গুলি, দু'টি রামদা, দু'টি চাপাতি, চারটি চাকু ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় পাইকগাছা থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৩৭ ঘ.
bdnews24