সিলেট, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "বাংলাদেশের পুঁজিবাজারে সিলেট সম্ভাবনাময় একটি অঞ্চল। শেয়ার বাজারে সিলেট অঞ্চলের বিনিয়োগকারীদের সংখ্যা দিন দিন বাড়ছে। এখানকার ব্যাংকে পড়ে থাকা অলস টাকা সঠিকভাবে বিনিয়োগ করা গেলে প্রচুর মুনাফা অর্জন সম্ভব হবে।"
রোববার সিলেট নগরীর একটি হোটেলে ঢাকা স্টক এক্সচেঞ্জ আয়োজিত এক কর্মশালায় সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসির) চেয়ারম্যান ফারুক আহমদ সিদ্দিকী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, "পুঁজিবাজারে সতর্কতার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে হবে। অনেক সময় স্বল্প পুঁজির বিনিয়োগকারীরা মেধা না খাটিয়ে শুধু লাভের আশায় বিনিয়োগ করতে আসেন। এতে অনেকে ক্ষতিগ্রস্ত হন। পুঁজিবাজারে মুনাফা যেমন আছে তেমনি ঝুঁকিও আছে। যদি সঠিকভাবে বিনিয়োগ করা যায় তাহলে অর্থনৈতিক বিকাশে পুঁজিবাজারে অনেক সম্ভাবনা আছে।"
এ কর্মশালা অনুষ্ঠিত হয় দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত। এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সিলেট অফিস উদ্বোধন করা হয় নগরীর চৌহাট্টায় আর এম টাওয়ারে ষষ্ঠ তলায়।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ খান।
'বাংলাদেশের অর্থনীতিতে পুঁজিবাজারে মুনাফা ও ঝুঁকি' শিরোনামের এই প্রবান্ধে বলা হয়, বাংলাদেশের পুঁজিবাজার বিভিন্ন সময়ে নানা প্রতিবন্ধকতা সত্বেও উত্তরোত্তর উন্নতি করছে। কর্মসংস্থান সৃষ্টিতে এ বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর মাধ্যমে দক্ষ পেশাজীবীর উদ্ভব হবে যারা অর্থনীতির তড়িৎ অগ্রগতিতে অবদান রাখতে পারবে।
এতে আরও বলা হয়, শেয়ার বাজারে যারা বিনিয়োগকারী তাদের বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। তাহলে মুনাফা অর্জন সম্ভব হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সভাপতি মো. আব্দুল্লাহ বোকারীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক শেকিল চৌধুরী, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদস্য সালেহ আহমদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকাবিস-উন-নূর।
আরও বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য এ বি এম শহীদুল ইসলাম, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি জিয়াউল হক, রকিবুর রহমান, ফরহাদ আহমদ প্রমুখ।
সুলতানা জাহানের পরিচালনায় কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সিনিয়র সহসভাপতি আহমেদ রশীদ লালি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৩ ঘ.
bdnews24