চট্টগ্রাম, মার্চ ৩০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে প্রায় ১১শ' প্রতিষ্ঠান ও ব্যক্তি স্বেচ্ছায় করের আওতায় এসেছে। তাদের দেওয়া আয়করের পরিমাণ প্রায় দুই কোটি টাকা।
রোববার আগ্রাবাদে সরকারি কর্ম ভবন প্রাঙ্গনে চট্টগ্রাম কর কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠান ও ব্যক্তি রাজস্ব বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে রিটার্ন দাখিল করে করের আওতায় আসেন।
সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও কর দেওয়ার যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান যাতে করদাতা সনাক্তকরণ নম্বর (টিআইএন) সংগ্রহ এবং আয়কর রিটার্ন দাখিল করতে পারে সেজন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এই উদ্যোগ নেয়।
করদাতাদের মধ্যে কনসলিডেটেড টি ল্যান্ড এবং বারাউরা সিলেট টি কোম্পানির প্রতিনিধি আকতার হোসেন এক কোটি ২৫ লাখ এবং সেন্টমার্টিন হোটেলের চেয়ারম্যান সুফী আহমেদ সাড়ে তিন লাখ টাকার চেক এনবিআরের দুই সদস্য আহমেদ আলী ও খোরশেদ আলমের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে কর কর্মকর্তারা বলেন, যারা স্বেচ্ছায় এ সুযোগ গ্রহণ করে নিজেদের করের আওতায় এনেছেন তাদের জন্য এনবিআর বিশেষ নমনীয়তা প্রদর্শন করবেন।
তারা বলেন, এসব করদাতাকে হয়রানি করা হবে না এবং তারা নিজেরাই 'সর্বজনীন স্বনির্ধারণ পদ্ধতিতে' তাদের আয় ঘোষণা করতে পারবেন। পাঁচ লাখ টাকা পর্যন্ত তাদের মূলধনের কোন ব্যাখ্যা নেওয়া হবে না।
কর্মকর্তারা বলেন, যারা এ সুযোগ গ্রহণ করবে না তাদের বিভিন্ন হারে জরিমানা দিতে হবে।
অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদের উপস্থিত থাকার কথা থাকলেও বরিশাল থেকে ঢাকা আসার পথে নদীতে স্টিমারে আটকা পড়ায় তিনি আসতে পারেননি। এনবিআর চেয়ারম্যান সেজন্য মোবাইল ফোনে উপস্থিত করদাতাদের কাছে দুঃখ প্রকাশ করেন।
তিনি মোবাইল ফোনে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, "অভ্যন্তরীণ সম্পদ আহরণে দেশের সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই স্বেচ্ছাপ্রণোদিতভাবে কর প্রদান করলে আমরা স্বনির্ভর হতে পারব। তাহলে বিদেশিদের কাছে সামান্য কিছু অর্থের জন্য আর ধরনা দিতে হবে না।"
পরনির্ভরতা কমিয়ে দেশের উন্নয়নে অংশগ্রহণের থেকে গর্বের বিষয় আর কিছু হতে পারে না বলে তিনি মত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনবিআর সদস্য (প্রশাসন) আহমেদ আলী বলেন, "আপনারা যে কর দেবেন তা বিভিন্ন সেবার মারফত আপনাদের কাছেই ফেরত আসবে। কর দেওয়া নাগরিক কর্তব্য। সভ্যতাকে টিকিয়ে রাখার জন্যই কর প্রদান করা আবশ্যক।"
এনবিআরের অপর সদস্য (কর জরিপ ও পরিদর্শন) খোরশেদ আলম বলেন, "সবার সামর্থ্য অনুযায়ী কর দিলে দেশের ভাণ্ডার পূর্ণ হবে। তাহলে বিদেশিদের কাছে হাত পাতার লজ্জা থেকে জাতি রেহাই পাবে।"
তিনি বলেন, করাদাতারা যাতে নিজেরাই রিটার্ন পূরণ করতে পারেন সেজন্য একটি নির্দেশিকা ছাপানোর কাজ চলছে। কর দাতাদের দেওয়া তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
চট্টগ্রাম অঞ্চলের কর কমিশনার রমেন্দ্র চন্দ্র বসাকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কর কমিশনার রুস্তম আলী মোল্লা, হায়দার খান এবং রাধে শ্যাম রায়। কর দাতাদের পক্ষে ইয়াং ওয়ান গ্র"পের মহাব্যবস্থাপক খলিলুর রহমান।
কর কর্মকর্তারা জানান, বর্তমানে চট্টগ্রাম কর অঞ্চলে প্রায় তিন লাখ করদাতা রয়েছেন। চলতি অর্থ বছরে ৫০ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে করের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ২০ হাজার করদাতা চিহ্নিত করা হয়েছে। বাকী দিনগুলোতে লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে বলে তারা আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০৪৮ ঘ.
bdnews24