২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পরিচয় নিবন্ধন এবং শ্রম অধ্যাদেশ অনুমোদন

জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষ অধ্যাদেশ ২০০৮ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া চট্টগ্রাম ও মংলা বন্দরে একটি করে সংগঠনকে ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়ার বিধান রেখে বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ ২০০৮ অনুমোদন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2008, 02:53 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষ অধ্যাদেশ ২০০৮ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া চট্টগ্রাম ও মংলা বন্দরে একটি করে সংগঠনকে ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়ার বিধান রেখে বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ ২০০৮ অনুমোদন করা হয়েছে। আগের আইনে দু'টি বন্দরেই একাধিক সংঠন থাকার সুযোগ ছিল। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এসব প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, "জাতীয় পরিচয় নিবন্ধন র্কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করবে। নির্বাচন কমিশন বর্তমানে যে পরিচয়পত্র দিচ্ছে সেটিকেই জাতীয় পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে।" প্রেস সচিব জানান, কারো কাছে একাধিক পরিচয়পত্র পাওয়া গেলে, কেউ জাল পরিচয়পত্র বহন করলে, পরিচয়পত্র নেওয়ার সময় ভুল তথ্য দিলে, কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে পরিচয়পত্রের তথ্যের পরিবর্তন করলে কিংবা জালিয়াতি বা পরিচয়পত্র নকল করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ অপরাধের জন্য অধ্যাদেশে তিন মাস থেকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ ২০০৮ এ বলা হয়েছে, চট্টগ্রাম ও মংলা বন্দরে একটি করে সংগঠন ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। তবে বন্দরের দুশ' মিটারের মধ্যে কোনো সংগঠনের কার্যালয় স্থাপন করা যাবে না। শ্রম আইন ভঙ্গ করলে তিন মাস কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। আগের আইনে সাজার মেয়াদ ৩ মাস থাকলেও জরিমানার পরিমাণ ছিল ১০ হাজার টাকা। এছাড়া এখন থেকে বন্দরের কল্যাণ তহবিলে জমা হওয়া অর্থের ৫০ শতাংশ শ্রমিক কল্যাণ তহবিলে জমা দিতে হবে। এ অধ্যাদেশ কার্যকর হওয়ার পর দুই বন্দরের ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ড বিলুপ্ত হয়ে যাবে এবং বন্দর কর্তৃপক্ষ বোর্ডের শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের আত্মীকরণের ব্যবস্থা করবে। বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষ অধ্যাদেশের আওতায় জাতীয় তথ্যভাণ্ডার ও নিবন্ধন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হবে। নাগরিকদের জাতীয়তা সংক্রান্ত তথ্যভাণ্ডার স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদান, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন নাগরিকদের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সঙ্গে সমন্ব^য় করাই হবে এ কর্তৃপক্ষর প্রধান কাজ। ওই কর্মকর্তা জানান, জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় হবে ঢাকায়। তবে প্রয়োজনে যে কোনো বিভাগ, জেলা বা উপজেলায় শাখা অফিস স্থাপন করা যাবে। কর্তৃপক্ষের সদস্য ও চেয়ারম্যানের সংখ্যা চারের বেশি হবে না। সদস্যরা হবেন যুগ্মসচিব পদমর্যাদার। সরকার সদস্যদের নিয়োগ দেবে। সদস্যদের মধ্যে থেকে একজনকে কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হবে। তবে তার পদমর্যাদা অতিরিক্ত সচিব পদমর্যাদার হতে পারে। এই কর্তৃপক্ষের একটি তহবিল থাকবে। বছর শেষ হওয়ার আগেই তারা সরকারকে প্রতিবেদন দেবে। কর্তৃপক্ষ প্রয়োজনে সরকারের সঙ্গে আলোচনা করে বিধি তৈরি করতে পারবে। তবে তা গেজেট আকারে প্রকাশ করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/জেকে/এমএইচবি/২০৪৬ ঘ.