ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে নির্মাণাধীন সিটি সেন্টারের দেয়ালে যে ফাটল সৃষ্টি হয়েছে তা ভবনের মূল কাঠামোর অংশ নয় বলে জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল। তাদের এই মতামতের ভিত্তিতে রোববার সিটি সেন্টারসহ আশেপাশের ভবনগুলোর বিভিন্ন অফিস খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ফাটলের ঘটনা তদন্তে করপোরেশনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। এই কমিটি ১৫ দিনের মধ্যে ফাটলের কারণগুলো চিহ্নিত করে প্রতিবেদন দেবে। তার আগ পর্যন্ত করপোরেশনের মালিকানাধীন এ ভবনের নির্মাণ কাজ বন্ধ থাকবে।
করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা রোববার বিকেলে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
করপোরেশনের প্রধান প্রকৌশলী কর্নেল আশফাকুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলাউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
খোকা জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. শেখ সেকেন্দার আলীকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিতে একই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক ড. জয়নুল আবেদীন, সেনাবাহিনীর প্রকৌশল কোরের একজন প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবুল হাসনাত থাকছেন।
তিনি বলেন, "বুয়েটের বিশেষজ্ঞ দল পরীক্ষা করে জানিয়েছেন, ভবনের মূল অবকাঠামোতে কোনো ফাটল সৃষ্টি হয়নি। ভবনের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য দেয়া ইটের দেয়ালে এ ফাটল ধরেছে।"
ভবনের পশ্চিম পাশের দেয়াল ভেতরের দিকে চেপে যাওয়ার বিষয়টি অস্বীকার করে প্রধান প্রকৌশলী কর্নেল আশফাকুল ইসলাম বলেন, "এটি কাঠামোগত কোনো সমস্যা নয়। মূল নকশা অনুযায়ীই দেয়ালটি বাঁকা করে করে তোলা হয়েছিল। তারপরও কোন্ সমস্যার কারণে তাতে ফটল দেখা দিল তা পরীক্ষা করতে তদন্ত কমিটি করা হয়েছে।"
মেয়র খোকা বলেন, কারো দায়িত্বে অবহেলার কারণে এটা ঘটে থাকলে আর তা প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
তিনি জানান, আগামী এপ্রিলেই ভবনটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখন আরো সময় লাগবে। ইতোমধ্যে কার পার্কিংয়ের জন্য প্রয়োজনীয় নির্মাণ কাজ শেষ হয়েছে। তদন্ত কমিটি কোনো সমস্যা চিহ্নিত না করলে এপ্রিলেই কার পার্কিংয়ের ফ্লোরগুলো চালু করা হবে।
এর আগে সকালে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক আব্দুর রউফের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল ভবনটির ফাটল ও মূল কাঠামো পরীক্ষা করে দেখেন।
পরে অধ্যাপক আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ওই ভবনে গিয়ে পরীক্ষা করে দেখেছি, ফাটলটি মূল কাঠামোর অংশ নয়।"
ভবনটি নির্মাতা প্রতিষ্ঠান বেলহাসা একম জেজি লিমিটেডের প্রকল্প পরিচালক কে এম নুরুল ইসলাম জানান, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সিটি সেন্টারের তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ আশেপাশের ভবনগুলোতে থাকা অফিসগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সিটি সেন্টারের সামনের রাস্তাটি রোববার সকালেই খুলে দেওয়া হয়। প্রথম দিকে যান চলাচল কম থাকলেও পরে রাস্তাটি ব্যস্ত হয়ে ওঠে।
শনিবার দুপুরে ভবনটির পশ্চিম পাশের দেয়ালে ফাটল দেখা দেয়ায় সিটি এর সামনের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ওই ভবনে অবস্থিত স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এইচএসবিসি ব্যাংক এবং গ্রামীণফোনের অফিসগুলো ছাড়া আশেপাশের ভবনের সব অফিস রোববার খোলা ছিল।
৩৭ তলা বিশিষ্ট দেশের সর্বোচ্চ এই ভবনে বিভিন্ন অফিস ছাড়াও কনভেনশন সেন্টার, বিজনেস লাউঞ্জ, জিমনেসিয়াম, বিনোদন কেন্দ্র থাকার পরিকল্পনা রয়েছে। ২৮ তলা পর্যন্ত ছাদ তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আর আট তলা পর্যন্ত অনুসঙ্গিক নির্মাণ কাজও শেষ হয়েছে।
সিটি সেন্টারের পূর্বদিকে উত্তরা ব্যাংকের প্রধান কার্যালয়, দক্ষিণ দিকে জনতা ব্যাংক টাওয়ার ও করিম চেম্বার, উত্তরে বিসিক ভবন ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর কার্যালয় রয়েছে। ভবনটি ধসে পড়লে আশপাশের এসব ভবনও ক্ষতিগ্রস্ত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এআরএইচ/জেকে/এমএইচবি/২০০৭ ঘ.
bdnews24