ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিশু হাসপাতালের একজন চিকিৎসক অভিযোগ করেছেন জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ পিস্তল দিয়ে আঘাত করে তার মাথা ফাটিয়ে দিয়েছেন। শনিবার রাতে আসাদ গেট এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে গাড়িতে গ্যাস ভরার সময় কথা কাটাকাটির জের ধরে এই ঘটনা ঘটে। এম আমিনুল ইসলাম নামের ওই চিকিৎসককে সোহরাওয়ার্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কায়সার হামিদ অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার গাড়ি চালকের সঙ্গে কথাকাটাকাটি ও হাতাহাতির সময় মাটিতে পড়ে গিয়ে ডাক্তারের মাথা ফেটে যায়।
সোহরাওয়ার্দি হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ডাক্তার আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে তিনি তার গাড়ি নিয়ে আসাদগেটসংলগ্ন সোনার বাংলা ফিলিং ষ্টেশনে গ্যাস নিতে যান। সবার মতো তিনিও লাইনে ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তার গাড়ি যখন দেড় ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে, তখন হঠাৎ একটি গাড়ি নিয়মনীতি না মেনে গ্যাস নেওয়ার জন্য সবার আগে চলে আসে।
তিনি বলেন, "এনিয়ে সবার মতো আমিও প্রতিবাদ করি। ওই গাড়ির ভেতর থেকে মাথা বের করে এক ব্যক্তি আমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। পরে তাকে চিনতে পারলে বলি, কায়সার ভাই এটা আপনার কাছে আশা করি না। তিনি তখন পিস্তল বের করে তা দেখিয়ে বলে ওঠেন: 'এটার মতো আশা করিস।' এক পর্যায়ে তিনি গাড়ি থেকে বের হয়ে আমার মাথায় পিস্তল দিয়ে আঘাত করেন। আমার মাথা থেকে রক্ত পড়তে থাকে। এ সময় গাড়িতে থাকা আমার স্ত্রী ও সন্তানরা চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। আমার গাড়ি চালক দ্রুত আমাকে শিশু হাসপাতালে নেওয়ার পর সহকর্মীরা আমার মাথায় সাতটি সেলাই দেয়।"
তিনি জানান, চিকিৎসা নিয়ে মোহাম্মদপুর থানায় গেলে পুলিশ সার্টিফিকেট ছাড়া মামলা নেবে না বলে জানিয়ে দেয়। পরে আমাকে সোহরাওয়ার্দি হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে কায়সার হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমিনুল ইসলামের অভিযোগ ঠিক নয়। ফিলিং ষ্টেশনগুলো লাইন ছাড়াই আমাদের মতো জাতীয় পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়দের গ্যাস দিয়ে থাকে। গ্যাস নিতে গেলে ওই ডাক্তার অকথ্য ভাষায় গালাগালি করেন। আমার গাড়ি চালকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। তিনি ইট দিয়ে আমার গাড়ির গ্লাসও ভাঙতে চেয়েছিলেন। এ সময় পাশে থাকা কয়েকজন বলেছিল: আপনি গ্লাস ভাঙলে গুলি হবে।"
জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, "আমার সঙ্গে কোনো অস্ত্র ছিল না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচবি/১৯৪৩ ঘ.
bdnews24