২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মাসের মধ্যে ভারত থেকে চার লাখ টন চাল আসছে

ভারত সরকারের প্রতিশ্র"ত চার লাখ টন চাল আগামী দু'মাসের মধ্যেই দেশে আসছে। রোববার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি টনপ্রতি ৪৩০ ডলারে এ চাল আমদানির বিষয়টি অনুমোদন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2008, 12:03 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সরকারের প্রতিশ্র"ত চার লাখ টন চাল আগামী দু'মাসের মধ্যেই দেশে আসছে। রোববার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি টনপ্রতি ৪৩০ ডলারে এ চাল আমদানির বিষয়টি অনুমোদন করেছে। কমিটির সভা শেষে এর চেয়ারম্যান অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, "পাঁচ লাখ টন চাল রপ্তানির বিষয়ে ভারতের প্রতিশ্র"তি রয়েছে। এর মধ্যে এক লাখ টন চাল পশ্চিমবঙ্গ থেকে আসা শুরু হয়েছে। বাকি চার লাখ টন ৬০ দিনের মধ্যে আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।" ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি ঘূর্ণিঝড় সিডরের পর গতবছরের শেষ দিকে বাংলাদেশ সফরে এসে পাঁচ লাখ টন চাল রপ্তানির ঘোষণা দেন। এর মধ্যে এক লাখ টন দেশে এসেছে। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির রোববারের সিদ্ধান্তের পর বাকি চার লাখ টন চাল আমদানির প্রক্রিয়া চূড়ান্ত হলো। অর্থ উপদেষ্টা বলেন, "বোরোর উৎপাদন এবার কেমন হবে, তা নিশ্চিত করে কেউ বলতে পারবে না। দেশে বর্তমানে তিন মাসের খাদ্য মজুদ রয়েছে। এ মুহূর্তে সরকার ওএমএস এর মাধ্যমে বেশি পরিমাণে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। মজুদ বাড়াতেই সরকার ভারত থেকে এই চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে।" খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের জানান, অনুমোদিত দরে ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য দিল্লীতে বাংলাদেশ হাইকমিশনকে চিঠি দেওয়া হয়েছে। হাইকমিশনের বাণিজ্যিক কাউন্সিলর বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করবেন। তিনি জানান, গত ১৭ ও ১৮ মার্চ এবং ২৭ মার্চ ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে দুদফা বৈঠকে চার লাখ টন চালের দাম ও আমদানির সময় নিয়ে আলোচনা হয়। সেখানে ভারতীয় প্রতিনিধিরা টনপ্রতি ৪৩০ ডলারে চাল রপ্তানির প্রস্তাব দেন। মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় খাদ্য উপদেষ্টা ড. এ এম এম শওকত আলী, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার ও খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/জেকে/এমএ/১৮০০ঘ.